আরো তিনটি অ্যাশেজ খেলার স্বপ্ন ক্লার্কের

আপডেট : ১০ নভেম্বর ২০১৩, ২১:৫৩
দীর্ঘদিন যাবত্ বয়ে চলা পিঠের ইনজুরির কারণে অবসর নেয়ার ধারণা উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছেন, তার বিশ্বাস আগামী পাঁচ বছরে তিনি অন্তত আরো তিনটি অ্যাশেজ সিরিজ খেলতে পারবেন। আগামী ২১ নভেম্বর নিজের ষষ্ঠ এ্যাশেজ সিরিজ শুরু করবেন ক্লার্ক। কিন্তু পিঠে ইনজুরির কারণে তার খেলা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। অধিনায়কত্ব নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করায় তিনি টেষ্ট ক্রিকেট হতে অল্প দিনের মধ্যে বিদায় নিতে পারেন বলে অনেকেই ধারণা করছেন। সেই ধারণা উড়িয়ে দিয়ে সিডনির ডেইলি টেলিগ্রাফকে ৩২ বছর বয়সী ক্লার্ক বলেন, ‘খুব শিগগিরই আমি অবসর নিচ্ছি না।’ ‘দীর্ঘদিন যাবত্ যেমনি ভালবেসে সফলতা-ব্যর্থতার সময়ে অস্ট্রেলিয়া দলের সঙ্গে আছি- ঠিক তেমনি যতদিন আমার শরীরে কুলায় এবং ফিট থাকি ঠিক ততদিন আমি অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়ালস দলের সঙ্গে থাকব। আরো চার-পাঁচ বছর ভালভাবে খেলতে পারব বলে আমি মনে করছি।’ দলের অধিনায়কত্ব নেয়ার পর গত দুই বছর যাবত্ ক্লার্কের ব্যাটিং পারফরমেন্স খুব একটা ভাল যাচ্ছে না। যদিও ইংল্যান্ডের বিপক্ষে (১৭৪৬ রান, প্রতি ইনিংসে ৪৬) তার সার্বিক পরিসংখ্যানের (৫২ গড়ে ৭৬৫৬ রান) সঙ্গে ঠিক মানান সই নয়। নিজেদের সেরা ব্যাটসম্যান কোথাও না গেলেই আনন্দিত হবে অস্ট্রেলিয়া সমর্থকরা। আরো পাঁচ বছর অর্থাত্ ক্লার্ক ২০১৫ সালের ইংল্যান্ড সফর এবং এরপর ২০১৭-২০১৮ সালের ফিরতি অ্যাশেজে খেলবে। এসময় ক্লার্কের বয়স হবে ৩৭ বছর। ক্লার্ক বলেন, ‘ক্রিকেটের প্রতি আমার ভালবাসা শক্তিশালী। আপনার বয়স যত বাড়বে আপনার অভিজ্ঞতার উত্থান-পতন ততই বেশি হবে। ভাল সময়-খারাপ সময় সব কিছুই আপনি উপভোগ করবেন এবং আপনাকে এটাও বুঝতে হবে যে আপনি এখন আর কঠোর পরিশ্রম করতে পারছেন না। অতএব বিদায়। যে কোন গ্রীষ্মের শুরুর মতই দারুণ উত্তেজিত আমি।’ অস্ট্রেলিয়ায় সর্ব শেষ ২০১০-২০১১ সালে ৩-১ ম্যাচে এবং মাত্র কয়েক মাস আগে ইংল্যান্ডে ৩-০ ম্যাচে এ্যাশেজ সিরিজ হারার পর নিজ মাঠে ক্লার্কের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া আন্ডারডগ হিসাবেই ফিরতি সিরিজ শুরু করবে। ক্লার্ক বলেন, ‘আমরা জিততে পারব না এমনটা মনে করলে আমি মাঠে নামতাম না। আপনার খেলা প্রতিটি ম্যাচেই আপনি জয়ী হতে চাইবেন। অস্ট্রেলিয়ার হয়ে খেলার এটাই নিয়ম।’ -বাসস