বায়ার্ন এবং গার্দিওলার নতুন রেকর্ড

আপডেট : ১০ নভেম্বর ২০১৩, ২১:৫৪
বুন্দেসলিগার ইতিহাসে টানা অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়লো বায়ার্ন মিউনিখ। এখান থেকে ৩০ বছর আগে সেই ১৯৮৩ সালে হামবুর্গ জার্মান লিগে টানা ৩৬টি খেলায় অপরাজিত ছিল। আর গত শনিবার অগসবার্গকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে টানা ৩৭টি খেলায় অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে পেপ গার্দিওলার দলটি। এর মধ্যে ৩১টি ম্যাচে জয় পেল বুন্দেসলিগায় গতবারের রানার্সআপরা। একই দিনে গার্দিওলাও একটি রেকর্ড গড়লেন। বুন্দেসলিগার ইতিহাসে কোচ হিসেবে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকলেন এই স্প্যানিয়ার্ড। এলিয়েঞ্জ এরেনায় এদিন পাঁচ মিনিটের মাথায় জার্মান সেন্টার ব্যাক জেরোমে বোয়েটাং দলকে এগিয়ে দেন। এরপর ফ্রাঙ্ক রিবেরি ৪২ মিনিটে ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন। আর অতিরিক্ত সময়ের পাঁচ মিনিটের মাথায় পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করেন। চলতি সপ্তাহে এর আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপাধারীরা আরো একটি নতুন রেকর্ড গড়েছে। গার্দিওলার দলটি ইউরোপ সেরার লড়াইয়ের এই টুর্নামেন্টে টানা নবম ম্যাচে জিতে বার্সেলোনা টানা আট ম্যাচ জয়ের রেকর্ড ভাঙ্গে। এদিন অগসবার্গকে হারিয়ে ট্রেবলজয়ীরা এখন জার্মান লিগের শীর্ষ দল।