অলরাউন্ডার শেন ওয়াটসন অ্যাশেজ সিরিজ শুরুর আগেই ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী অস্ট্রেলীয় ক্রিকেট দলের কোচ ড্যারেন লেহম্যান। চলতি মাসের শেষ দিকেই শুরু হতে হচ্ছে অ্যাশেজের ফিরতি সিরিজ।
চলতি সপ্তাহে ভারত সফরকালে শেষ ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোটের শিকার হন দলের অভিজ্ঞ তারকা ওয়াটসন। তবে দলের প্রয়োজনে চোট নিয়েই এ ম্যাচে মাঠে নামতে বাধ্য হন এদিন ব্যাট হাতে আট নম্বরে নামা এ তারকা। তবে চোট কাটিয়ে এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় আগামী ২১ নভেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে তার অংশগ্রহণে অনিশ্চয়তা দেখা দেয়। তবে লেহম্যান শনিবার যা বললেন, তাতে আশাবাদী হতেই পারেন অস্ট্রেলিয়ার সমর্থকরা।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্য এ বাঁহাতি বলেন, ওয়াটসন দ্রুতই সেরে উঠছেন এবং গ্যাবায় প্রথম টেস্টেই তিনি ফিরতে পারে। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোচ বলেন, ‘ইনজুরির পর শেনের (শারীরিক অবস্থার) উন্নতির বিষয়ে দলের চিকিত্সকদের মেডিক্যাল রিপোর্ট যথেষ্ট তৃপ্তিদায়ক। তার ভাল চিকিত্সা হচ্ছে এবং সঠিকভাবেই উন্নতি হচ্ছে। উন্নতির এই ধারা যদি বজায় থাকে, তাহলে আমরা নিশ্চিত প্রথম টেস্টেই তাকে দলে পাওয়া যাবে।’ তবে চলতি সপ্তাহে ঘরোয়া ক্রিকেটে কুইন্সল্যান্ডের হয়ে নিউ সাউথ ওয়েলস শেফিল্ড শিল্ডের ম্যাচে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন লেহম্যান।
তিনি বলেন, ‘আমরা তার প্রস্তুতির জন্য কোন সুযোগ দিতে পারছি না। যদিও তাকে নিয়মিত চিকিত্সার মধ্যেই রাখতে চাই। যদি সবকিছুই পরিকল্পনা মাফিক হয়, তাহলে ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্টের আগেই তাকে দলের অনুশীলন ক্যাম্পে দেখা যাবে।’
চলতি সপ্তাহেই দলীয় ফিজিও এ্যালেক্স কন্টরিস বলেছিলেন, ‘এই সপ্তাহে ওয়াটসন মনোবল কিছুটা ফিরে পেয়েছেন। ইনজুরিতে থাকা সত্ত্বেও তিনি প্রস্তুতি নিচ্ছেন।’
