ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ড ট্রাফোর্ডে রবিন ভন পার্সির একমাত্র গোলে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনালের জয়রথের লাগাম টেনে ধরলো। আর এর মধ্য দিয়ে নিজেদের মাঠে টানা সাত বছর জয়ের ধারা অব্যাহত রাখলো দলটি। এই জয়ের ফলে ইউনাইটেড লিগে অষ্টম থেকে তিন ধাপ এগিয়ে এখন পঞ্চম অবস্থানে উঠে এসেছে। একই রাতে টটেনহ্যাম হটস্পার নিজেদের মাঠ হোয়াইট হার্ট লেনে হেরেছে নিউক্যাসল ইউনাইটেডের কাছে এবং সান্ডারল্যান্ড নিজেদের মাঠে হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে।
আর্সেনালের বিপক্ষে আগের চার ম্যাচেই গোল পেয়েছেন রবিন ভন পার্সি। তাই নেদারল্যান্ডের এই স্ট্রাইকার নিজেদের মাঠে দলের জন্য বিশেষ কিছু করবেন সেটা আগে থেকেই অনুমেয় ছিল। ২৭ মিনিটে ওয়েন রুনির কর্নার কিক থেকে তুলে দেয়া বলে মাথা ছুঁইয়ে ম্যাচের একমাত্র গোলটি করলেন। এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের শিরোপাধারীরা কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে। কারণ ম্যাচটির আগে ১০ খেলায় কোচ ডেভিড ময়েসের দলটির সংগ্রহ ছিল ১৭ পয়েন্ট এবং অষ্টম অবস্থানে ছিল। অপরদিকে ২৫ পয়েন্ট নিয়ে আর্সেনাল ছিল তালিকার শীর্ষে।
দলের এই জয়ে ইউনাইটেডের শিরোপা জয়ের সম্ভাবনা পুনরুজ্জীবিত হয়ে উঠেছে বলে মনে করছেন কোচ ডেভিড ময়েস। তিনি বলেন, ‘আমার মনে হয় না এখনিই কেউ শিরোপা নিশ্চিত করে ফেলতে পারছে। আমি মনে করি এখনো অনেক উত্থান-পতন অপেক্ষা করছে।’
ইউনাইটেডের সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসন আগের মৌসুমে রেড ডেভিলদের শিরোপা এনে দিয়ে কোচিং জীবনের ইতি টেনেছেন। এরপর দায়িত্ব নিয়ে ময়েস প্রথম দিকে দিশেহারা হলেও সামলিয়ে উঠেছেন। সেই দিকে ইঙ্গিত দিয়ে এই স্কটিশ বলেন, ‘আমরা উন্নতি করছি এবং আশা করছি আগামীতে আমরা আরো উন্নতি করবো। গত মৌসুমে ইউনাইটেড শিরোপা জিতেছিল। এবার শুরুতে অনেকে আমাদের পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছিল। কিন্তু এখন আমরা বলতে পারি এখনো সেই সম্ভাবনা শেষ হয়ে যায়নি।’
ম্যাচে একমাত্র গোলটি করা পার্সিও শিরোপার দৌড়ে থাকার কথা জানান দিয়ে বলেন, ‘এটা অনেক বড়ো একটা জয়। আমি সব সময় ইতিবাচক চিন্তা করি। নেতিবাচক চিন্তা করলে আমরা এখনো লিগের শীর্ষ দলের থেকে ১১ পয়েন্টে পিছিয়ে থাকতাম। এই খেলা থেকে আসলে আমরা ছয় পয়েন্ট পেয়েছি। এখন আমরা তাদের (আর্সেনাল) থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে আছি। এই ম্যাচে শিরোপার দৌড়ে ফিরেছি আমরা।’
আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার অবশ্য মনে করছেন ওল্ড ট্রাফোর্ডে দীর্ঘদিন হারতে থাকার কারণে তার দল আত্মবিশ্বাসের অভাবে ভুগেছে এদিন। তিনি বলেন, ‘আমরা প্রথমার্ধে অনেক চাপে ছিলাম। এখানে দীর্ঘদিন জয় পাইনি। এটা আরো একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি খেলা ছিল। এবং শেষ পর্যন্ত আমরা পরাজিত হয়েছি।’
এদিনের আরেক খেলায় উত্তর লন্ডনের দল টটেনহ্যাম হটস্পার লইস রেমির গোলে ০-১ ব্যবধানে পরাজিত হয় নিউক্যাসলের কাছে। এদিন জয় পেলেই ২৩ পয়েন্ট নিয়ে টেবিলে লিভারপুলের সমান পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে উঠে আসতো দলটি। তবে তারা আগের সপ্তম অবস্থানেই রয়েছে।
হোয়াইট হার্ট লেনে নিউক্যাসলের এই জয়ে বড় ভূমিকা রেখেছে গোলরক্ষক টিম ক্রুল। এদিন দুর্দান্ত কিছু বল প্রতিহত করেছেন ওই গোল রক্ষক। দলীয় কোচ অ্যালান পারডিউ বলেন, ‘সে আমাদের বেশ কটি ভাল ম্যাচ উপহার দিয়েছে। সে যে নেদারল্যান্ডের একজন সেরা গোলরক্ষক সেটি নিশ্চিত। আমি মনে করি প্রিমিয়ার লিগেও সে ভাল করবে।’ এই জয়ের ফলে পয়েন্ট তালিকার নবম স্থানে ওঠে এসেছে নিউক্যাসল।
এদিকে লাইট স্টেডিয়ামে তালিকার নিচের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা সান্ডারল্যান্ড ১-০ গোলে পরাজিত করেছে বর্তমান রানার্সআপ ম্যানচেষ্টার সিটিকে। এই খেলায় জয় পেলে চেলসির সমান ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ বা পঞ্চম অবস্থানে উঠে আসতে পারতো। তবে এই পরাজয়ের কারণে তারা আছে অষ্টম অবস্থানে।
ম্যাচের ২১তম মিনিটে গোল করে সিটির শিরোপা স্বপ্ন ম্লান করে দেন ফিল বার্ডসলি। নিজেদের মাঠে মৌসুমের ৫ ম্যাচের সবকটিতে জয় নিয়ে সিটি শতভাগ সফলতা পেলেও এর প্রায় উল্টো চিত্র প্রতিপক্ষের মাঠে। দলটির সংগৃহীত ১৯ পয়েন্টের মধ্যে মাত্র চার পয়েন্ট এসেছে প্রতিপক্ষের মাঠ থেকে।
সিটি কোচ মেনুয়েল পেলেগ্রিনি বলেন, ‘অ্যাওয়ে ম্যাচে আমরা প্রচুর পয়েন্ট হাতছাড়া করছি; বিষয়টি নিয়ে আমি মনোযোগী। অ্যাওয়ে ম্যাচে জয় না পেলে প্রিমিয়ার লিগের শিরোপা লাভ করা কঠিন হবে।’
লিবার্টি স্টেডিয়ামে অনুষ্ঠিত আরেক ম্যাচে ৬টি গোল হলেও ৩-৩ গোল ভাগ করে নিয়েছে প্রতিদ্বন্দ্বী দুটি দল সোয়ানসি ও স্টোক সিটি।
