আজই নিষ্পত্তি হতে যাচ্ছে চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ‘সোহরাওয়ার্দী’ নাটকের। আজ বেলা তিনটায় ঢাকার ক্লাব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) এক জরুরি সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির সদস্য সচিব রাকিব হায়দার পাভেল।
ঘটনার সূত্রপাত গত শনিবার বিকেএসপির দুই নম্বর মাঠে অনুষ্ঠিত শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচে। সুপার সিক্সের লড়াইয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে যে জিতবে তারই সুপার সিক্সে উঠে যাবার কথা। ব্রাদার্স ছয় উইকেটে জিতে সুপার সিক্স নিশ্চিত করলেও গোল বাঁধে ব্রাদার্সের অধিনায়ক সোহরাওয়ার্দী শুভকে নিয়ে। এর আগে আবাহনীর বিপক্ষে ম্যাচে আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সাথে অসদাচরণের জন্য তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেন ম্যাচ রেফারী। যদিও ব্রাদার্স দাবি জানিয়েছে, নিষেধাজ্ঞার কথা তাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এমনকি ব্রাদার্স-শেখ জামাল ম্যাচেও আম্পায়ার বা রেফারীর কাছে নিষেধাজ্ঞার কোন লিখিত নির্দেশনা ছিল না।
প্রিমিয়ার লিগের বাইলজ বলছে, কোন দল নিষেধাজ্ঞায় থাকা কোন ক্রিকেটারকে খেলালে ওই ম্যাচের পয়েন্ট চলে যাবে প্রতিপক্ষের অনুকূলে। আর তাই, সোহরাওয়ার্দী শুভকে খেলানো বেআইনী বলে প্রমাণিত হলে পয়েন্ট পাবে শেখ জামাল। সেক্ষেত্রে মৌসুমে বড় দল গড়া এই ক্লাবটি চলে যাবে সুপার সিক্সে। শেখ জামালও সিসিডিএমের কাছে এই ব্যাপারে অভিযোগ জানিয়েছে।
এ নিয়ে গত কয়েকদিন ধরেই চলছিল অপেক্ষা। সিসিডিএমের সভাপতি জালাল ইউনুস দেশের বাইরে রয়েছেন। সহসভাপতি হানিফ ভুঁইয়া অসুস্থ। তবে অপেক্ষার অবসান ঘটিয়ে আজই এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে।
