মুম্বাইতে ক্যারিয়ারের দুশোতম টেস্ট খেলে শচিন টেন্ডুলকারের অবসরে যাওয়ার সিদ্ধান্তকে আরো একবার স্বাগত জানিয়েছেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক এবং তার এককালের সতীর্থ সৌরভ গাঙ্গুলি। শচিনের বিদায়ে পুরো ভারত জুড়ে উত্সব চলছে সেটাকে অনেকে অতিরিক্ত ভাবলেও সৌরভের দৃষ্টিতে এটা মোটেই বাড়াবাড়ি কিছু নয়। বরং একজন ‘চ্যাম্পিয়নের’ বিদায় এমনই হওয়া উচিত বলে পুরনো বন্ধুকে প্রশংসার বৃষ্টিতে ভাসিয়েছেন এই বাঁহাতি।
ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট ব্রায়ান লারাসহ এক আলোচনায় গাঙ্গুলি আরো বলেন, ‘এটা সত্যি যে, এক সময় আপনাকে বিদায় নিতেই হবে এবং এটা মেনে নিতে হবে। মুম্বাই টেস্টের পর অবসরে নিয়ে শচিন যখন তার ক্যারিয়ারের দিকে তাকাবেন তখন তিনি নিজেই বলবেন, আমি গর্বিত এবং আমার আর অর্জনের কিছু বাকি নেই। সম্ভবত আর ছয় মাস খেললে আমিও বলতাম ক্রিকেট অথবা নিজকে দেয়ার মতো আমার আর কিছু নেই।’
ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল (ক্যাব) আয়োজিত এই অনুষ্ঠানে গাঙ্গুলি আরো বলেন, ‘কেবল শচিন টেন্ডুলকার হওয়ার কারণেই তিনি তিন বছর থাকতে পেরেছেন। বিশ্বে কিংবা ভারতীয় ক্রিকেটে অন্য কেউ এতটা সময় পেতেন না। আমি খুশি যে, তিনি সঠিক সময়েই বিদায় নিচ্ছেন।’
টেন্ডুলকারকে ‘চ্যাম্পিয়ন’ অভিহিত করে শচিনের সাবেক উদ্বোধনী সঙ্গী বলেন, নিজ মাঠে খেলে বিদায় নেয়াটা এই ব্যাটিং মায়েস্ত্রোর দারুণ একটি সিদ্ধান্ত, ‘আমার কাছে: তিনি ‘চ্যাম্পিয়ন’ এবং এমন সংবর্ধনা ও সম্মান তার প্রাপ্য। আর চ্যাম্পিয়নের মতোই মাথা উঁচু করেই বিদায় নেবেন তিনি। তবে তার শেষটা যদি দক্ষিণ আফ্রিকায় হতো তাহলে হয়তো ব্যাপারটা মোটেই এমন হতো না।’
সঠিক খেলোয়াড়দের সমর্থন করার জন্য ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও প্রশংসা করেন গাঙ্গুলি। গাঙ্গুলি বলেন, ‘একজন অধিনায়ক হিসাবে খেলোয়াড়দের সমর্থন যোগানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এ খেলোয়াড়রাই আপনাকে ম্যাচ জেতাবে, অন্য কেউ নয়। আপনি দেখুন ধোনি অনেক করছে। জনগণ এখন রোহিত শর্মা সম্পর্কে আলোচনা করছে; কিন্তু এজন্য আপনাকে ধোনিকেই কৃতিত্ব দিতে হবে। অতীতে সমর্থনের অভাবে খেলোয়াড়দের অনেক ভুগতে হয়েছে।’
খেলোয়াড় হিসাবে ব্যাটিং ত্রয়ী রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানের কথা নির্দিষ্ট করে তাদের দিকে নজর রাখতেও বলেন গাঙ্গুলি। তবে এরই মধ্যে খ্যাতি পেয়ে গেলেও তাদেরকে নিজেদের বিদেশের মাটিতে প্রমাণ দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। গাঙ্গুলি বলেন, ‘তাদের মেধা অসাধারণ। তারা আপনাকে ম্যাচ জিতিয়ে দেবে। তবে এখনই তাদের বিচার করাটা আমার জন্য খুব আগাম হয়ে যায়। দেশের বাইরে তাদের পারফর্ম করে দেখাতে হবে এবং অত্যন্ত ভাল বিষয় হয়ে ভারতের সামনে বেশ কয়েকটি ট্যুর আছে।’
টিকে থাকার জন্য টি-২০ ক্রিকেটে অবদান স্বীকার করে গাঙ্গুলি চমত্কার সব খেলোয়াড় সৃষ্টি করার জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) প্রশংসা করেন।-বাসস
তিনি আরো বলেন, ‘আমি টি-২০ ক্রিকেটের একজন বড় ভক্ত এবং টিকে থাকার জন্য এটা দরকার আছে। এমন অনেক খেলোয়াড় আছে যারা হয়তোবা ভারতীয় দলে খেলার সুযোগ পাবে না; কিন্তু আইপিএলের জন্য তাদের পরিচর্যা করতে হয়। আইপিএলের মাধ্যমে প্রথম শ্রেণীর অনেক ক্রিকেটারকে তাদের ভাগ্য গড়ে নিতে দেখে আমি আনন্দিত। এটা খুবই ভাল ব্যাপার।’ -বাসস।
