সাদুল্লাপুরে দুর্ধর্ষ ডাকাতি গৃহকর্তা নিহত

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ১৯:৪২
গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা শহরের দক্ষিণ সাহাপাড়া এলাকায় সোমবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতদের প্রহারে গৃহকর্তা বিশিষ্ট ব্যবসায়ী সুবল চন্দ্র সাহা (৭০) নিহত হয়েছেন। এদিকে ১৮ দল তার মৃত্যুর ঘটনায় গতকাল মঙ্গলবার সাদুল্লাপুর উপজেলায় হরতাল প্রত্যাহার করে নেয়। পুলিশ, এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল জানালার গ্রীল কেটে ঘরে ঢোকে। এ সময় বাধা দিলে গৃহকর্তা সুবল সাহাকে মারধর করে। পরে অস্ত্রের মুখে শাড়ি দিয়ে হাত-পা-মুখ বেঁধে রেখে নগদ টাকা, স্বর্ণাংলকার ও মূল্যবান গৃহস্থালিসামগ্রীসহ প্রায় ৫ লাখ টাকার জিনিসপত্র লুট করে। ডাকাতরা চলে যাওয়ার পর রাত প্রায় ৩টার দিকে সুবল সাহার চিত্কারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। সাদুল্লাপুর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।