প্রতি বছরেই গুগল তাদের লোগোর ভিন্নরকম ডিজাইন ডুডলের প্রতিযোগিতা আয়োজন করে থাকে। স্কুল শিক্ষার্থীদের জন্য আয়োজন করা ‘ডুডল৪গুগল কনটেস্ট’ শিরোনামের এই প্রতিযোগিতায় এবারে বিজয়ী হয়েছে ভারতের পুনে শহরের ১৫ বছর বয়সী কিশোরী গায়ত্রী কেথারমণ। ‘স্কাই ইজ দ্য লিমিট ফর ইন্ডিয়ান ওমেন’ শিরোনামে গায়ত্রী এই ডুডলটি ডিজাইন করেছে। আগামীকাল গুগল ইন্ডিয়ার ওয়েবসাইটে গুগল’র মূল লোগোটির পরিবর্তে এই ডুডলটি প্রদর্শন করা হবে। ভারতের নারীরা যে কোনোক্ষেত্রেই পিছিয়ে নেই, সেটাই তুলে ধরা হয়েছে গায়ত্রীর এই ডুডলে। দশম শ্রেণির শিক্ষার্থী গায়ত্রী গত চার বছর ধরেই অংশ নিয়ে আসছে এই প্রতিযোগিতায়। তবে এবারেই সে প্রথম বিজয়ী হয়েছে। এটি তৈরি করতে তার প্রায় এক সপ্তাহ সময় লেগেছে।
