প্রযুক্তি ব্যক্তিত্ব : সার্জ অ্যাবিটেবোল

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২১:১৬
আধুনিক প্রযুক্তিবিশ্বের অন্যতম একটি প্রধান জায়গা দখল করে রেখেছে ডাটা ম্যানেজমেন্ট। এই খাতটি নিয়ে যেসব কম্পিউটার বিজ্ঞানী গবেষণা করে নিজেদের নামটি ইতিহাসে স্থায়ী করে রেখেছেন, তাদের মধ্যে একজন সার্জ জোসেফ অ্যাবিটেবোল। ফ্রেঞ্চ এই কম্পিউটার বিজ্ঞানী কাজ করেছেন ডাটা ম্যানেজমেন্ট, ডাটাবেজ থিওরি এবং ফাইনাইট মডেল থিওরি নিয়ে। ১৯৫৩ সালের ২৫ আগস্ট জন্মগ্রহণ করা এই ফ্রেঞ্চ বিজ্ঞানী ১৯৮২ সালে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার পিএইচডি ডিগ্রির সুপারভাইজার ছিলেন ডাটাবেজ ম্যানেজমেন্টের অন্যতম পথিকৃত্ সেমোর গিন্সবার্গ। পিএইচডি করার পরেই তিনি কর্মজীবন শুরু করেন কম্পিউটার সায়েন্স এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করা ফ্রান্সের জাতীয় প্রতিষ্ঠান ইনস্টিটুট ন্যাশনাল ডি রিচার্চ এন ইনফরমেটিক এট এন অটোমেটিকে। এখনও তিনি এখানেই কর্মরত রয়েছেন সিনিয়র রিসার্চার হিসেবে। বেশকিছু বিশ্ববিদ্যালয়েও তিনি ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেছেন। বর্তমানেও তিনি কলেজ ডি ফ্রান্সে অধ্যাপক হিসেবে পাঠদান করে যাচ্ছেন। কম্পিউটার বিজ্ঞানে ফাইনাইট মডেল থিওরি, ডাটাবেজ থিওরি এবং ডাটাবেজ সিস্টেম নিয়ে কাজ করেছেন তিনি। ফাইনাইট মডেল থিওরির ক্ষেত্রে অ্যাবিটেবোল-ভিয়ানু থিওরেম ছাড়াও সেমিস্ট্রাকচারড ডাটা, ওয়েব ডাটাবেজ, এক্সএমএল ডাটা প্রভৃতি নিয়েও রয়েছে তার উল্লেখযোগ্য কাজ। ডাটাবেজ থিওরি এবং ওয়েব ডাটা ম্যানেজমেন্টের উপর তার লেখা দুইটি বইয়ের কারণেও তিনি সর্বত্রই সমাদৃত।