গলফের বিশ্ব র্যাংকিং

আরো উপরে উঠলেন সিদ্দিকুর

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২১:৫৮
বাংলাদেশের শীর্ষ গলফার সিদ্দিকুর রহমান তিন বছরের ব্যবধানে এশিয়ান ট্যুরে নিজের দ্বিতীয় শিরোপার সুবাদে বিশ্ব র্যাঙ্কিংয়ে ৭৯ ধাপ উপরে উঠে এসেছেন। চলতি বছরে এটি তার সেরা অবস্থান। তিনি এখন আছেন ১৭২ নম্বরে। দিল্লিতে হিরো ইন্ডিয়ান ওপেনের সুবর্ণ জয়ন্তী আসরে শিরোপা জেতার পর সিদ্দিকুর রহমান বিশ্বকাপে খেলার লক্ষ্যে ইতোমধ্যে পৌছে গেছেন অস্ট্রেলিয়ায়। প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে অংশ নেবার আগে তিনি মেলবোর্ন মাস্টার্স নামে বিশ্বকাপের একটি প্রস্তুতিমূলক টুর্নামেন্টে খেলবেন। গত কয়েক বছরে বড় কোন শিরোপা জিততে না পারায় সর্বশেষ দু’বছরেই পয়েন্ট খোয়ানো সিদ্দিকুর এবছরের শুরু করেছিলেন র্যাঙ্কিংয়ে ২০৬ নম্বরে থেকে। এরপর সময় যত গড়িয়েছে ক্রমেই পিছিয়ে পড়তে হয়েছে তাকে। গত সপ্তাহে চলতি মৌসুমের ৪৪ তম সপ্তাহ শেষে প্রকাশিত র্যাঙ্কিংয়ে সিদ্দিকুরের অবস্থান ছিল ২৪৭। তবে ১৪ পয়েন্ট মানের ইন্ডিয়ান ওপেন জেতার মাধ্যমে ৭৯ ধাপ টপকে সর্বশেষ গত সোমবার প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে ১৭২ নম্বরে উঠে আসেন সিদ্দিকুর। এই জয়ের মাধ্যমে সিদ্দিকুরের পয়েন্ট বেড়ে গিয়ে দাঁড়াল ৩৭.৮৫ তে। আর ৪৩টি টুর্নামেন্ট শেষে ২৮ বছর বয়সী এই গলফারের মোট পয়েন্ট ৪৫.৮২। বছরের সেরা অবস্থান হলেও ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং থেকে এখনো অবশ্য অনেকটা পিছিয়ে আছেন সিদ্দিকুর। ২০১১ সালের মাঝামাঝি পাওয়া ১১৭ তম স্থানই এখনো তার ক্যারিয়ারের সেরা। বিশ্ব র্যাঙ্কিংয়ের পাশাপাশি সিদ্দিকুরের উন্নতি হয়েছে এশিয়ান র্যাঙ্কিংয়েও। সেখানে তার অবস্থান ষোড়শ। ১০৭.৬২ পয়েন্ট নিয়ে সেখানে শীর্ষে আছেন বিশ্ব র্যাঙ্কিংয়ে ৪৯ নম্বর অবস্থানে থাকা থাইল্যান্ডের থংচাই জাইদি। গলফ বিশ্বে বাংলাদেশের অবস্থানের বিচারে সিদ্দিকুরের এই অর্জন বেশ বড়ই। কিন্তু দুনিয়ার সেরা গলফারদের কাতারে নাম লেখানোর স্বপ্ন দেখা সিদ্দিকুরকে সেখানে পৌঁছাতে হলে পাড়ি দিতে হবে আরো বহু পথ। কারণ, টুর্নামেন্ট প্রতি সিদ্দিকুরের গড় পয়েন্ট যেখানে ১.০৭ সেখানে শীর্ষে থাকা আমেরিকার টাইগার উডসের ক্ষেত্রে সেটা ১২.২৬। শুধু তাই নয়, শীর্ষ ৭০ জন খেলোয়াড়ের ক্ষেত্রেই এই গড় পয়েন্ট দুই’র বেশি। তবে র্যাঙ্কিং অবস্থান বাদ দিয়ে আগামী ২১-২৪ তারিখ অনুষ্ঠেয় বিশ্বকাপে দারুণ কিছু করারই স্বপ্ন দেখছেন সিদ্দিকুর।