ব্রাজিল বিশ্বকাপের টিকিট সাত ঘন্টায় শেষ

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২২:০০
মাত্র ৭ ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে গেল ২০১৪ বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় ধাপের টিকিট। সোমবার দ্বিতীয় ধাপে প্রায় দুই লাখ ৩০ হাজার টিকিট ছাড়া হয়েছিল ফিফা’র ওয়েবসাইটে। কিন্তু সাত ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে যায় সবগুলো টিকিট। ফিফা বলেছে, ‘দর্শক আগ্রহের মাত্রাটা অসাধারণ’ এবং প্রথম ধাপের তুলনায় এর কাটতিও অনেক বেশি। অগ্রাধিকার ভিত্তিতে বিক্রির জন্য এ পর্যন্ত সর্বমোট ৮ লাখ ৯০ হাজার টিকিট বরাদ্দ করা হয়েছে। ১৯৫০ সালের পর ব্রাজিলে প্রথমবারের মত আয়োজিত বিশ্বকাপ ফুটবলের জন্য ৬২ লাখ আবেদন জমা পড়েছিল। তবে প্রাথমিকভাবে বিক্রির জন্য রাখা হয়েছে ১১ লাখ টিকিট। যদিও দ্বিতীয় পর্বের জন্য বরাদ্দকৃত টিকিটের মধ্যে ছিল না সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন উদ্বোধনী ও ফাইনালসহ দুটি সেমিফাইনাল এবং স্বাগতিক ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিট। আগামী ১২ জুন সাও পাওলোতে উদ্বোধনী এবং ১৩ জুলাই রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৩২টি দলের কোনটি কোথায় অনুষ্ঠিত হবে তা নির্ধারিত হবে আগামী ৮ ডিসেম্বর জমকালো ড্র অনুষ্ঠানের মাধ্যমে। দলগুলোর সূচি নির্ধারিত হবার পর আরেক দফা বিশ্বকাপের টিকিট ছাড়া হবে। যদিও ৮ শতাংশ টিকিট বিশেষভাবে বরাদ্দ দেয়া হবে প্রথম রাউন্ডে প্রতিদ্বন্দ্বী দলগুলোর নিজ নিজ সমর্থকদের জন্য। ফিফা বলেছে, মোট টিকিটের ৬২ শতাংশ স্বাগতিক ব্রাজিলীয়দের জন্য পাঠানো হয়েছে। আর আন্তর্জাতিকভাবে বিক্রীত টিকিটের বেশিরভাগই কিনে নিয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংলিশ ও আর্জেন্টাইন দর্শকরা। বিশ্ব ফুটবলের পরিচালনা সংস্থার পক্ষ থেকে বলা হয় সোমবার ওয়েবসাইডের ৩৬ লাখ পৃষ্ঠা খুলে টিকিটের জন্য গ্রাহকরা ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করেছে। সংস্থাটি জানায়, বিপুল সংখ্যক আবেদনকারী অনলাইনে টিকিটের জন্য ধরনা দিয়েছে। এত চাপ পড়ার পরও ওয়েবসাইড খুবই সুন্দরভাবে কাজ করেছে। কোন ধরনের সমস্যার সৃষ্টি হয়নি। টুর্নামেন্টের ৬৪টি ম্যাচের মধ্য থেকে সর্বোচ্চ ৭টি খেলা দেখার জন্য একজন আবেদনকারী প্রতি ম্যাচের জন্য একসঙ্গে সর্বাধিক চারটি টিকিটের আবেদন করতে পারবে।-বাসস