আগামী বুধবার আম্মানে বিশ্বকাপ বাছাই পর্বের প্লে-অফ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে উরুগুয়ে। ম্যাচটিতে মধ্যপ্রাচ্যের দলটিকে হাল্কাভাবে না নেয়ার ব্যাপারে উরুগুয়ের জাতীয় দলকে সতর্ক করে দিয়েছেন লিভারপুল তারকা লুইস সুয়ারেজ। একই দিনে অপর প্লে-অফে মুখোমুখি হবে মেক্সিকো খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।
চলতি মৌসুমে ইতোমধ্যে লিভারপুলের হয়ে ৮ গোল করা উরুগুয়ের তারকা সুয়ারেজ দেশের হয়ে লড়াই করার জন্য ব্যক্তিগত জেট বিমানে করে উড়ে এসেছেন আম্মানে। তাদের লক্ষ্য ম্যাচটি জয়ের মাধ্যমে বিশ্বকাপের চূড়ান্ত আসরে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করা। তবে বসে নেই জর্ডানও। তারা জানে দক্ষিণ আমেরিকার ফুটবল শক্তিটির বিপক্ষে যদি একটি অঘটন ঘটানো যায়, তাহলে তাদের হাতে প্রথমবারের মত ওঠে আসবে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণের ছাড়পত্র। সৌদি আরব ও ইরাক বিশ্বকাপের বাছাইপর্বের বৈতরণী পার হতে ব্যর্থ হওয়ায় একমাত্র আরব দেশ হিসেবে জর্ডানের বিশ্বকাপ খেলার সম্ভাবনায় রোমাঞ্চিত গোটা জাতি।
সুয়ারেজ বলেন, ‘আমাদের সঙ্গে লড়াই করার জন্য মুখিয়ে আছে জর্ডানিরা। আমাদের সতর্ক থাকতে হবে। আমরা জানি জর্ডানে বেশ কিছু ক্ষিপ্রগতির খেলোয়াড় রয়েছে। তাদেরকে একটু সুযোগ দিলেই তারা নিজেদের যোগ্যতা দেখিয়ে দিবে।’
শনিবার ফুলহ্যামের বিপক্ষে ম্যাচে লিভারপুলের হয়ে দুই গোল করেছেন সুয়ারেজ। কিন্তু ক্লাবের মত খেলা জাতীয় দলে প্রদর্শন করা কঠিন। কারণ এটি ভিন্ন একটি দল। তিনি বলেন, ‘ক্লাবের সঙ্গে খেলার পর সম্পূর্ণ পরিবর্তিত একটি পরিবেশে খেলতে হবে। কারণ এটি ভিন্ন একটি দল। তাই জাতীয় দলের সঙ্গে খেলাটা খুবই কঠিন।’
দক্ষিণ আমেরিকার দলটি বিশ্বকাপের নতুন কোন আগন্তুক নয়। ১৯৩০ ও ১৯৫০ বিশ্বকাপের দুটি শিরোপাও ঘরে তুলেছে তারা। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে চতুর্থ অবস্থান লাভ করেছিল তারা। হল্যান্ডের কাছে ৩-২ ব্যবধানে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল দলটি।
তবে এই দলটির মোকাবিলার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে জর্ডান। বিশাল একটি অর্জনের দ্বারপ্রান্ত থেকে কোনভাবেই ফিরে যেতে চায় না তারা। দেশটির রাজা আবদুল¬াহ জর্ডান টেলিভিশনে সরাসরি সমপ্রচারিত বক্তব্যে মোটা অংকের অর্থ পুরস্কার ঘোষণা করেছে দলটির জন্য।
তিনি বলেছেন, ‘চলতি সপ্তাহের এই ম্যাচের ফলাফল যেমনই হোক না কেন, আমার দেশের খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত।’
ফিফা’র সহ-সভাপতি প্রিন্স আলী বিন আল হুসাইনও আশা প্রকাশ করেছেন যে, উরুগুয়ের বিপক্ষে ‘নাসামারা’ তাদের সবটুকু সামর্থ্য উজাড় করে দিয়ে খেলবে।—বাসস
