ছয় হাজারী ক্লাবে ডি ভিলিয়ার্স

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২২:০১
ওয়ানডে ক্রিকেটে ছয় হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ডি ভিলিয়ার্স হচ্ছেন ওয়ানডেতে ছয় হাজার রান করা বিশ্বের ৪৬তম ব্যাটসম্যান। আর দক্ষিণ আফ্রিকানদের মধ্যে পঞ্চম। গত সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নামার আগে ওয়ানডেতে ছয় হাজার রানের মাইলফলক থেকে ১০৫ রান দূরে ছিলেন ডি ভিলিয়ার্স। ১২৪ রানে চার উইকেট পতনের পর পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন ভিলিয়ার্স। বলতে গেলে একাই দলকে টেনে নিয়ে যান এই ডানহাতি ব্যাটসম্যান। বাকি ১৪৪ রানের মধ্যে ১১৫ রানই আসে ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে। সেঞ্চুরি এবং ছয় হাজার রানের মাইলফলক পূর্ণ করার জন্য শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় তাকে। সোহেল তানভীরের করা তৃতীয় বলটি সীমানার বাইরে পাঠিয়ে ওয়ানডেতে ১৫তম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। পরের বলটি মিড-উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ডি ভিলিয়ার্স। শেষ পর্যন্ত ১০২ বল মোকাবেলায় ১০ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১১৫ রানে অপরাজিত থাকেন ডি ভিলিয়ার্স।-বাসস