লিওনেল মেসি ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠার জন্য ২০১৩-১৪ মৌসুমের প্রাক্কালে যথেষ্ঠ সময় পাননি বলে মনে করেন বার্সেলোনার এক সময়ের প্রধান ডাক্তার জোর্ডি আরডেভোল। তারকা স্ট্রাইকারটি এ সপ্তাহে খেলতে গিয়ে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন। এটি তাকে ছয় থেকে আট সপ্তাহের জন্য মাঠ ছাড়া করেছে।
আর্জেন্টাইনটি গত রবিবার রাতে রিয়াল বেটিসের বিরুদ্ধে দলের ৪-১ গোলে জেতা খেলাটিতে ২০ মিনিটের সময় ইনজুরিতে পড়েন। পরদিন তার বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুরি খতিয়ে দেখতে করা স্ক্যানিংয়ের পর জানা যায় যে মেসিকে দুই মাস দলের বাইরে কাটাতে হবে। আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলা জানিয়েছেন মেসি এ ইনজুরির কারণে ইকুয়েডর এবং বসনিয়া-হারজেগোভিনার সাথে প্রস্তুতি ম্যাচ দুটিতে খেলতে পারবেন না। যুক্তরাষ্ট্রের নিউজার্সি ও সেন্ট লুইসে অনুষ্ঠিত হবে খেলা দুটি। বার্সেলোনার হয়েও তিনি অনেকগুলো খেলায় অংশ নিতে পারবেন না। কাতালান ক্লাবটির ডাক্তারদের ভাষ্যমতে, মেসি ২০১৪ সালের ১২ জানুয়ারি অ্যাতলেটিকোর বিরুদ্ধে খেলাটি দিয়ে মাঠে ফিরবেন। এদিকে বার্সেলোনার সাবেক ডাক্তারের মতে, মেসির সর্বসাম্প্রতিক সমস্যাটির সূত্রপাত গত মৌসুমের উরুর ইনজুরি থেকে। সে সময় তাকে পুরোপুরি সেরে ওঠার সময় দেয়া হয়নি। তিনি বলেন, ‘যখন কোন একজন খেলোয়াড় ইনজুরিতে পড়েন তখন তার মাথাও এটার মধ্যে থাকে। কাজেই ইনজুরি পুরোপুরি না সারা পর্যন্ত মস্তিষ্ককে কোন না কোনভাবে এই সমস্যা থেকে আলাদা করে রাখার চেষ্টা চালাতে হয়। আমি মনে করি গত মৌসুমের ইনজুরির পর ছুটির সময়ে লিওর আরো সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা উচিত ছিল।
মেসি এ নিয়ে চলতি মৌসুমে তৃতীয়বারের মতো ইনজুরিতে পড়লেন।
