প্রিমিয়ার লিগে সোহরাওয়ার্দী নাটক

বল এবার বিসিবি’র কোর্টে!

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২২:০২
সোহরাওয়ার্দী শুভকে নিয়ে চলমান নাটকের নিষ্পত্তি’র দায়িত্ব এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। গতকাল সন্ধ্যায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) জরুরী বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নেয়া হয়। ফলে সুপার সিক্সে ব্রাদার্স ইউনিয়ন না শেখ জামাল ধানমন্ডি, কোন ক্লাব জায়গা পাচ্ছে সেটা এখনও নিশ্চিত নয়। এছাড়া হরতাল না হলে অবশিষ্ট একটি ম্যাচ আগামীকাল আয়োজনের ব্যাপারেও সিদ্ধান্তে পৌঁছেছে সিসিডিএম। আর দু/তিনদিনের মধ্যেই ঘোষণা করা হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্সের ফিক্সচার। সোহরাওয়ার্দী শুভকে নিয়ে গত কয়েকদিন ধরেই গড়িমসি চলছিল। একদিন আগে জানানো হয়েছিল, গতকালই জরুরী বৈঠক ডেকে এই ব্যাপারে নিষ্পত্তি করে ফেলবে সিসিডিএম। বাস্তবে তা হয়নি। ঢাকার ক্লাব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি এবার বল ঠেলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি’র কোর্টে। সিসিডিএমের সদস্য সচিব রাকিব হায়দার পাভেল ব্যাখ্যা দিয়ে বলেন, ‘বাইলজে বলা আছে এই জাতীয় কোন সমস্যার সমাধান করতে পারবে সিসিডিএম ও বিসিবি। সমস্যাটা জটিল। তাই আমরা এখন বিসিবি’র কাছেই দায়িত্ব ছেড়ে দিয়েছি।’ ঘটনার সূত্রপাত গত শনিবার বিকেএসপির দুই নম্বর মাঠে অনুষ্ঠিত শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচে। সুপার সিক্সের লড়াইয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে যে জিতবে তারই সুপার সিক্সে উঠে যাবার কথা। ব্রাদার্স ছয় উইকেটে জিতে সুপার সিক্স নিশ্চিত করলেও গোল বাধে দলটির অধিনায়ক সোহরাওয়ার্দী শুভকে নিয়ে। এর আগে আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সাথে অসদাচরণের জন্য তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেন ম্যাচ রেফারি। যদিও ব্রাদার্স দাবি জানিয়েছে, নিষেধাজ্ঞার কথা তাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এমনকি ব্রাদার্স-শেখ জামাল ম্যাচেও আম্পায়ার বা রেফারির কাছে নিষেধাজ্ঞার কোন লিখিত নির্দেশনা ছিল না। প্রিমিয়ার লিগের বাইলজ বলছে, কোন দল নিষেধাজ্ঞায় থাকা কোন ক্রিকেটারকে খেলালে ওই ম্যাচের পয়েন্ট চলে যাবে প্রতিপক্ষের অনুকূলে। আর তাই, সোহরাওয়ার্দী শুভকে খেলানো বেআইনি বলে প্রমাণিত হলে পয়েন্ট পাবে শেখ জামাল। সেক্ষেত্রে, মৌসুমে বড় দল গড়া এই ক্লাবটি চলে যাবে সুপার সিক্সে। শেখ জামালও সিসিডিএমের কাছে এই ব্যাপারে অভিযোগ জানিয়েছে। এছাড়া হরতালের কারণে গত রবিবার একটি দলের দাবির ভিত্তিতে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির মধ্যকার ম্যাচটি আয়োজন করা সম্ভব হয়নি। সিসিডিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামীকাল আয়োজিত হবে এই ম্যাচটি। আর এর দু/একদিন বাদেই জানিয়ে দেয়া হবে প্রিমিয়ার লিগের সুপার সিক্সের ফিক্সচার। দেশে না থাকার কারণে বৈঠকে ছিলেন না সিসিডিএমের সভাপতি জালাল ইউনুস। উপস্থিত ছিলেন সিসিডিএমের সহ-সভাপতি হানিফ ভুঁইয়া ও বিসিবি পরিচালক নাজমুল করিম টেঙ্কু।