শেয়ার বাজারে সূচক ও লেনদেন বেড়েছে

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ১৯:১৫
বিএনপি-জামায়াতের ডাকা হরতালের শেষদিনে শেয়ার বাজারের সূচক বেড়েছে। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধির সঙ্গে বেড়েছে লেনদেনও। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২১২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭১ কোটি ২৮ লাখ ৬২ হাজার টাকা। যা আগের কার্য দিবসের চেয়ে ৯০ কোটি ২৫ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৭৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৮টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের। এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি তিনটি হলো ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড, ফার্মা এইড এবং পদ্মা অয়েল। জানা গেছে, ইস্টার্ন লুব্রিকেন্টস শেয়ার হোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর। পদ্মা অয়েল শেয়ার হোল্ডারদের জন্য ৯০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ ডিসেম্বর। ফার্মা এইড শেয়ার হোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।