নানা ধরনের অ্যাপ্লিকেশন স্মার্টফোনের জনপ্রিয়তাকে বাড়িতে তুলছে। তবে এমন অনেক অ্যাপ্লিকেশনই তৈরি হচ্ছে, যেগুলো স্মার্টফোনের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। এমনই একটি অ্যাপ্লিকেশনের সন্ধান পেয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা জানিয়েছেন, পিন স্কিমার নামের অ্যাপ্লিকেশন একটি স্মার্টফোনের ক্যামেরা এবং মাইক্রোফোন ব্যবহার করে ফোনের পাসওয়ার্ড বা পিন উদ্ধার জানিয়ে দিতে সক্ষম। ক্যামেরার মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীর মুখচ্ছবি এবং মাইক্রোফোনের মাধ্যমে সফট কিপ্যাডে নম্বর প্রবেশ করানোর সময় প্রতিটি ক্লিকের শব্দ সনাক্ত করতে পারে। ফলে স্মার্টফোনের ভার্চুয়াল কিপ্যাডে পাসওয়ার্ড বা পিন প্রবেশের সময় মাইক্রোফোন নির্ণয় করে কত ডিজিটের পাসওয়ার্ড বা পিন প্রবেশ করানো হয়েছে। আর পাসওয়ার্ড বা পিন প্রবেশ করানোর সময় চেহারা এবং চোখের অবস্থান নির্ণয়ের মাধ্যমে ডিজিটগুলো সনাক্ত করে ক্যামেরা। এর সমন্বয়েই ফোনের পাসওয়ার্ডটি বের করে ফেলতে পারে সফটওয়্যারটি। গবেষকরা গুগল নেক্সাস-এস এবং স্যামসাংয়ের গ্যালাক্সি এস৩ স্মার্টফোনে এই অ্যাপ্লিকেশনটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করে সফলভাবে পাসওয়ার্ড বের করতে পেরেছেন। এই গবেষণার সাথে জড়িত অধ্যাপক রস অ্যান্ডারসন এবং লরেন্ট সাইমন বিবিসিকে দেওয়া সাক্ষাতকারে বলেন, ‘ভিডিও কনফারেন্সিং কিংবা চেহারা সনাক্ত করার জন্য স্মার্টফোনে যে ক্যামেরা ব্যবহার করা হয়ে থাকে, সেই ক্যামেরা ব্যবহার করেই অনাকাঙ্ক্ষিত অনেক কাজই করা যায়। ফোনে একজন পাসওয়ার্ড বা পিন নম্বর প্রবেশের সময় একজন মানুষের চেহারায় যে সূক্ষতিসূক্ষ পরিবর্তন আসে, সেটা সহজেই সনাক্ত করতে পারে এই স্মার্টফোন অ্যাপ্লিকেশনটি। এই সক্ষমতা আমাদের অবাক করে দিয়েছে।’ তাই মনে রাখতে একটু কষ্ট হলেও যত বেশিসম্ভব ডিজিটের পাসওয়ার্ড বা পিন ব্যবহারের পরামর্শই দিয়েছেন গবেষকরা। আর পাসওয়ার্ড বা পিনের বদলে হাতের ছাপ বা অন্য কোনো বায়োমেট্রিক প্যারামিটার ব্যবহার করেও এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে বলে মন্তব্য তাদের।
