ব্যাট-প্যাড করে ডাক করতে করতে নামছেন, স্টেডিয়াম ভর্তি দর্শকের মুহুর্মুহু গর্জন। ব্যাটিং ক্রিজে আসলেন। বিশ্বের নামকরা কোন এক বোলারকে মুহূর্তের মধ্যে সাধারণে নামিয়ে এনে খেলে ফেললেন চোখ ধাঁধানো কিছু শট। কিন্তু এই সবকিছুই আজ ইতিহাসের পথে! আজ থেকে শুরু হতে যাওয়া মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের শেষ টেস্টেই কেবল শেষবারের মতো দেখা যাবে এমন সব দৃশ্য। কারণ এই টেস্ট ম্যাচটি দিয়েই ইতি ঘটছে শচিন রমেশ টেন্ডুলকারের বর্ণাঢ্য ক্যারিয়ারের।
২৪ বছরের ক্রিকেট ক্যারিয়ার। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে খেলতে নামছেন ২০০ তম টেস্ট। এর মধ্যেই নামের পাশে লেখা হয়ে গেছে ৫৩.৭১ গড়ে ১৫৮৪৭। ৫১ সেঞ্চুরি আর ৬৭ হাফ সেঞ্চুরির সাথে বল হাতে ৪৬ উইকেট। যে দেশে দু-চার ম্যাচ পারফরম করতে না পারলেই কুশপুত্তলিকা পোড়ানো, বাসায় ইট-পাটকেল মারার প্রচলন আছে সেই দেশে বসেই শচিন ম্যাচের পর ম্যাচ রানের ফুলঝুড়ি ফুটিয়েছেন। অনেক দেবতার দেশ ভারতে রীতিমতো পূজা করা হয় এই লিটল মাস্টারকে।
টেস্ট ক্রিকেটের মতো ওয়ানডেও খেলেছেন সমান দাপটে। আগেই ওয়ানডে ক্যারিয়ারকে বিদায় জানানো শচিন এখানেও ৪৬৩ ম্যাচ খেলে করেছেন ১৮৪২৬। ৪৪.৮৩ গড়ে করেছেন ৪৯ টি সেঞ্চুরি ও ৯৪ টি হাফ সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে শচিনই প্রথম করেছেন ডাবল সেঞ্চুরি করার অনন্য কীর্তি।
ভারতের হয়ে জয় করেছেন বিশ্বকাপ, অধিনায়ক হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে জিতেছেন আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির শিরোপা। ক্যারিয়ারে একটাই অতৃপ্তি, টেস্টে এখন পর্যন্ত একবারও ট্রিপল সেঞ্চুরির মুখ দেখা হয়নি তার।
সেই সুযোগটাও আজই পেতে যাচ্ছেন শচিন!
