লড়াকু জয়ে মিলসের সন্তুষ্টি

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২১:৫৩
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কাকে অবিশ্বাস্য ভাবে হারানোকে দলের ঐক্যবদ্ধতার পরিচয় বলে মনে করছেন নিউজিল্যান্ড অধিনায়ক কাইল মিলস। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে নাথান ম্যাককলামের মাত্র নয় বলে অপরাজিত ৩২ রানের দুর্দান্ত এক ইনিংসের সুবাদে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছে কিউইরা। ফলে তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ১-০তে এগিয়ে গেল। মিলস বলেন, ‘আমার ধারণা এই জয়ে দলের খেলোয়াড়দের মিলিতভাবে পারফর্ম করার মানসিকতার পরিচয়। আমরা যথেষ্ট ভাল খেলেছি।’ জয়ের নায়ক ম্যাককলামের প্রশংসা করে তিনি বলেন, ‘শেষ ওভারে ২০-এর বেশি রান করা সহজ ছিল না। কিন্তু ম্যাককলাম সেটা করেছে। সে উইকেটে যায়ার পর থেকেই দারুণ খেলেছে। বলগুলো মোকাবেলা করেছে দারুণভাবে।’ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ২০ ওভার চার বলে ওভারে এক উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। এরপর বৃষ্টি নামলে প্রায় চার ঘন্টা খেলা বন্ধ রাখতে হয়। পুনরায় খেলা শুরু হলে নির্ধারিত ২৩ ওভারে শ্রীলঙ্কা আর কোনো উইকেট না হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে। তিলকারত্নে দিলশান ৭২ বলে নয়টি চারের মারের সাহায্যে ৫৫ এবং সাঙ্গাকরা ৫৯ বল খেলে নয়টি চারের সাহায্যে ৭১ রান সংগ্রহ করেন। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৬৮ রান তুলতেই চার উইকেট হারায়। এরপর লুক রনচি ২৬ বলে সাতটি চার এবং একটি ছয়ের সাহায্যে ৪৯ রান করলে জয়ের ভিত্তি পায় নিউজিল্যান্ড। টম ল্যাথাম এবং রনচি পঞ্চম উইকেট জুটিতে ৫৭ বলে ৯৩ রান যোগ করলেও কুলসেকারার এক ওভারেই এই দুজন আউট হলে জয় তখন অসম্ভব মনে হতে থাকে। ল্যাথাম ৬৮ বলে ৮৬ রান সংগ্রহ করেন। তবে ম্যাকালাম শেষ ৯ বলে ৩২ রান সংগ্রহ করলে অসাধ্য জয় পায় নিউজিল্যান্ড। হেরাথ শেষ ওভারেই ২২ রান দেন। সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে বাতিল করা হয়। ডাম্বুলায় আগামী ১৬ নভেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ১৯ ও ২১ নভেম্বর পালে¬কেলেতে দুটি টি-২০ অনুষ্ঠিত হবে।