ফেসবুক থেকে পাওয়া ৩০০ কোটি ডলারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইমেজ ম্যাসেজিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাট। এই বিপুল পরিমাণ অর্থ খরচ করে স্ন্যাপচ্যাটকে কিনতে চেয়েছিল সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় সাইটটি। তবে তাতে স্ন্যাপচ্যাট রাজি হয়নি বলেই খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। স্ন্যাপচ্যাট রাজি হয়ে গেলে এটিই হত ফেসবুকের সবচেয়ে বেশি অর্থ খরচ করে কেনা কোনো কোম্পানি। অবশ্য ফেসবুক ছাড়া চীনের ই-কমার্স কোম্পানি টেনসেন্টও কিনতে চেয়েছিল একে। তবে তাদের কোনো প্রস্তাবেই সাড়া দেয়নি স্ন্যাপচ্যাট। নিজেদের মতো করে নিজেরাই চলার সিদ্ধান্তে অটল থেকেছে তারা। ২০১১ সালে যাত্রা শুরু করা স্ন্যাপচ্যাটের গ্রাহক বেড়ে দ্বিগুণ হয়েছে গত মাসছয়েক সময়ের মধ্যে। তাদের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিদিন প্রায় ৩৫ কোটি ইমেজ আদান-প্রদান হয়ে থাকে এই মোবাইল প্ল্যাটফর্মে। এদের জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে এটি ব্যবহার করে পাঠানো কোনো ইমেজ গৃহীত হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যায়।
