বিপর্যয়ের মুখে ফিলিস্তিন শান্তি আলোচনা

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২০:২৮
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি নির্মাণকে কেন্দ্র করে শান্তি আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় তার আলোচক দলের সবাই পদত্যাগ করেছেন। এতে করে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সমপ্রতি ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে নতুন করে সচল হওয়া শান্তি আলোচনা আরেকবার বিপর্যয়ের মুখে পড়ল। এদিকে মিশরের সিবিসি টিভিতে এক সাক্ষাত্কারে আব্বাস বলেছেন, ফিলিস্তিনি শান্তি আলোচকরা তাদের সিদ্ধান্তে অনড় থাকলেও আলোচনা চলবে। তিনি বলেন, হয় আমরা তাদেরকে আলোচনায় ফেরার জন্য রাজি করাব, সে চেষ্টা চলছে, নয়ত আমরা নতুন একটি আলোচক দল নিয়োগ দেব। আলোচক দল কখন পদত্যাগ করেছে আব্বাসের কথায় তা স্পষ্ট জানা যায়নি। তবে আলোচনা পুনরায় শুরু করতে এক সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন তিনি। পদত্যাগ করা আলোচকদের মধ্যে প্রধান আলোচক সায়েব এরাকাতও রয়েছেন বলে শোনা গেছে। তবে এরাকাত এ খবরের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি কেবল বলেছেন, ইসরাইলের সঙ্গে আলোচনা স্থবির হয়ে গেছে। তিনি বলেন, “প্রকৃত অর্থে ইসরাইল নতুন ইহুদি বাড়ি নির্মাণের ঘোষণা দেয়ার পর গত সপ্তাহেই আলোচনা স্থগিত হয়ে যায়”। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মঙ্গলবার পশ্চিম তীরে আরো কয়েক হাজার নতুন বাড়ি নির্মাণের ঘোষণা দেন। তার এ ঘোষণায় নতুন ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।