পাকিস্তান সিরিজেই ওয়ানডেতে ফিরবেন জ্যাক ক্যালিস

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২১:৫১
শেষ পর্যন্ত ওয়ানডে ক্রিকেট থেকে দূরে থাকার সমাপ্তি ঘটতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জক ক্যালিসের। এ মাসের শেষ দিকে নিজ মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেই মাঠে ফিরবেন অভিজ্ঞ এ অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার একটি ওয়েবসাইটে বলা হয়, পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন ৩৮ বছর বয়সী ক্যালিস। অলরাউন্ডার ক্যালিস সর্বশেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১২ সালের অক্টোবরে এবং তিনি মূলত টেস্ট ক্রিকেটেই মনোযোগী হতে চান। প্রোটিয়াস কোচ রাসেল ডোমিঙ্গো কিছু দিন আগে বলেছিলেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৫ বিশ্বকাপ দলে বিবেচিত হতে হলে ক্যালিসকে অবশ্যই কিছু ওয়ানডে খেলতে হবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরের পর ক্যালিস গত মাসে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে খেলেছেন। কাজেই ডিসেম্বরে নিজ মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজের আগে কিছু ম্যাচ খেলাটা ক্যালিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। সংযুক্ত আরব আমিরাত থেকে দক্ষিণ আফ্রিকায় ফিরে আসার পর ঘরোয়া ওয়ানডে কাপে কেপ কোবরাস এর হয়ে খেলছেন ক্যালিস।