শেষ ম্যাচ জিতে নিলো প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম পর্বের শেষ ম্যাচে গতকাল বৃহস্পতিবার কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমীকে ৭৯ রানে হারালো প্রাইম দোলেশ্বর।
এই জয়ের ফলে মৌসুমের চমক প্রাইম দোলেশ্বর ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে টপ অর্ডারে এক ইংলিশ ব্যাটসম্যান জশুয়া কব ছাড়া অন্য কেউই বলার মতো রান করতে পারেননি। আট চার ও এক ছক্কায় এই ব্যাটসম্যান করেন ৬৯ রান। মুমিনুল হক করেন মাত্র ১৩ রান। শেষের দিকে লোয়ার মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের কল্যানে নয় উইকেটে ২৫২ রান করে দোলেশ্বর। সোহাগ গাজী ৫৮, আরমান হোসেন ৩৮ ও সাব্বির রুম্মান ৩৩ রান করেন।
কলাবাগান অ্যাকাডেমীর হয়ে তিনটি করে উইকেট নেন শরিফ উল্লাহ ও জাকারিয়া মাসুদ। এছাড়া জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা নিয়েছেন দুটি উইকেট।
জবাবে কলাবাগান ১০ রান তুলতেই দুই উইকেট হারিয়ে বসে কলাবাগান। এরপর পরের ছয় ব্যাটসম্যান ভাল সূচনা করলেও কেউই ধরে রাখতে পারেননি। শেষ পর্যন্ত ৪৬.১ ওভারে অল আউট হবার আগে মাত্র ১৭৩ রান করে কলাবাগান। ফলে ৭৯ রানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়লো দোলেশ্বর। সগীর হোসেন পাভেল সর্বোচ্চ ৩৪ ও নূরুজ্জামান ৩০ রান করেন। কলাবাগান হারলেও আগেই সুপার সিক্স নিশ্চিত করে ফেলেছে দলটি। প্রথম পর্ব শেষে তাদের পয়েন্ট ১১।
ব্যাটিংয়ের পর বোলিংয়েও তান্ডব দেখান সাব্বির রুম্মান। লেগস্পিন বোলিংয়ে নেন চার উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও উঠে তার হাতেই। এছাড়া তিনটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম ও ফরহাদ রেজা। গতকাল অনুষ্ঠিত হলেও মূল সূচী অনুসারে গত নয় নভেম্বর অনুষ্ঠিত হবার কথা ছিল দুদলের মধ্যকার ম্যাচটি। কিন্ত হরতালের কারণে নিরাপত্তার কারণে সেই ম্যাচটি তখন আয়োজন করা থেকে বিরত থাকে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ৫০ ওভারে ২৫২/৯ (জশুয়া কব ৬৯, রনি তালুকদার ১৫, মুমিনুল হক ১৩, সাব্বির রুম্মান ৩৩, আরমান হোসেন ৩৮, সোহাগ গাজী ৫৮; শরিফ উল্লাহ ৩/৪০, জাকারিয়া মাসুদ ৩/৪৮, হ্যামিল্টন মাসাকাদজা ২/২৭)
কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমী: ৪৬ ওভার ১ বলে ১৭৩ অল আউট (সগীর হোসেন পাভেল ৩৪, মার্শাল আইয়ুব ২৭, মিজানুর রহমান ২৪, নূরুজ্জামান ৩০; সাব্বির রুম্মান ৪/২২, তাইজুল ইসলাম ৩/৩৩, ফরহাদ রেজা ৩/৩৪)
ফল: প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ৭৯ রানে জয়ী।
