বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে গতকাল বাংলা একাডেমিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘হে ফেস্টিভ্যাল’। এই আন্তর্জাতিক সাহিত্য উত্সবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় লেখক ও চিন্তাবিদ অংশ নিবেন। এ নিয়ে দেশে তৃতীয়বারের মতো এই উত্সব অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল সকালে একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক আনিসুজ্জামান, তারিক আলি, সৈয়দ মনজুরুল ইসলাম, আহদাব শোয়েব, উত্সবের পৃষ্ঠপোষক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। এবারের এই উত্সবে ৭৫টির বেশি অধিবেশন থাকছে। কয়েকটি অধিবেশনে বিভক্ত ছিল প্রথম দিনের আয়োজন। সকালে ‘দি আর্ট অব বুকস্’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করেন আমিন রহমান। দুপুরে ‘বাংলা সাহিত্য : আধুনিকতা ও আন্তর্জাতিকতা’ বিষয়ে আলোচনা করেন পারভেজ হোসেন, আহমেদ মোস্তফা কামাল, তপন শাহেদ ও হামীম কামরুল হক। ‘রোড টু বাংলাদেশ’ শীর্ষক অধিবেশনে অংশ নেন এ কাইয়ুম খান, আফছান চৌধুরী, ক্যাথরীন মাসুদ।
বিকেলে একাডেমি চত্বরে পরিবেশিত হয় জারি গান। একই সময়ে ‘দি ভায়োলেন্স উইদিন’ শীর্ষক অধিবেশনে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। ‘লিবারেশন ওয়ার ফিকসন্স এন্ড ম্যামোরিজ’ শীর্ষক অধিবেশনে অংশ নেন নিয়াজ জামান, নুজহাত চৌধুরী এবং মফিদুল হক। কবিতা পরিষদের আয়োজনে আবৃত্তি অনুষ্ঠানে অংশ নেন সৈয়দ শামসুল হক, আসাদ চৌধুরী, বেলাল চৌধুরী, রুবি রহমান, মুনির সিরাজ, কামাল চৌধুরী, দিলারা হাফিজ, অঞ্জনা সাহা, আসলাম সানী, তারেক সুজাত, শিহাব শাহরিয়ার, বদরুল হায়দার, সাদিয়া সুইটি।
এবার উত্সবে শর্বরী আহমেদ, ফারাহ গজনভী, সাদ হোসেন, সাদাফ সাযসহ প্রমুখ লেখকের ইংরেজি সাহিত্যের বই প্রথমবারের মতো প্রকাশিত হচ্ছে। এছাড়া হাসান আজিজুল হক ও সৈয়দ মনজুরুল ইসলামের ইংরেজিতে লিখিত প্রথম গল্পসংকলন প্রকাশিত হচ্ছে উত্সবে।
বৃহস্পতিবার সৈয়দ মনজুরুল ইসলাম রচিত ছোটগল্পের বই ‘দ্যা মারমেনস্ প্রেয়ার এন্ড আদার স্টোরিজ’ বইটির মোড়ক উন্মোচিত হয়। ডেইলি স্টার বুকস থেকে প্রকাশিত বইটি অনুবাদ করেছেন সৈয়দ বদরুল আহসান। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত হে উত্সবের অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।
