ইনজুরির কারণে ছয় থেকে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়ায় লিওনেল মেসি বিষণ্ন— এমনটাই জানালেন বার্সেলোনার আরেক তারকা জেরার্ড পিকে।
পিকে নিজেও ইনজুরি সমস্যায় ভুগছেন। তবে এই সেন্টার ব্যাক ডেইলি মুন্ডো দেপোর্তেভোকে বলেন, ‘মেসির ব্যাপারটা একটু অন্যরকম। সে এই মৌসুমেই কয়েকবার ইনজুরিতে পড়লো। এটা হয়তো তার আত্মবিশ্বাসে চিড় ধরিয়েছিল। আমার পেশিতে লিওর মতো সমস্যা ছিল না।’ পিকে আরো বলেন, ‘সে বিষণ্ন বোধ করছে। এটাই স্বাভাবিক। এটা গুরুতর ইনজুরি। কিছুদিন অতিবাহিত হলেই তার মনোবল ফিরে আসতে শুরু করবে। কিন্তু এখনকার বাস্তবতা হলো মানসিকভাবে সে বিপর্যস্ত।’
মেসির ইনজুরি সম্পর্কে আরো বিস্তারিত জানিয়ে স্পেনের জাতীয় দলের এই ডিফেন্ডার বলেন, ‘কেউ যখন ইনজুরিতে পড়ে তার একান্ত কিছু সময় দরকার। লিওর ক্ষেত্রে সেটাই ঘটছে। কারণ সে পর পর কয়েকবার ইনজুরিতে পড়লো। এটা খুবই স্বাভাবিক। যেমন মাঠ ছাড়ার সময় সে কারোর সাথে কোনো কথা না বলে বেঞ্চে গিয়ে বসে পড়ে।’
বার্সেলোনার তরফ থেকে আগেই জানানো হয়েছে, বাম পায়ের হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে মেসি আগামী ছয় থেকে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। চলতি মৌসুমে তৃতীয়বারের মতো পায়ের ইনজুরিতে পড়লেন তিনি। এর আগে অবশ্য ডান পায়ে চোট পেয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা। গত রবিবার রিয়াল বেটিসের মাঠে খেলার ২০ মিনিটের মাথায় হ্যামস্ট্রিংয়ের পেশিতে টান পান এবং মাঠ ছাড়তে বাধ্য হন।
ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকলে বার্সেলোনাকে কমপক্ষে আট ম্যাচে মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে। এর মধ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগের খেলা থাকবে দুটি। তবে ইনজুরির সময়ও মেসি ভক্তদেরকে পাশে পাচ্ছেন। এজন্য ভক্তদেরকে ধন্যবাদ জানাতে ভোলেননি চারবারের ব্যালন ডি’ওর জেতা মেসি।
