কাগজে-কলমে প্রিমিয়ার হকি লিগের খেলোয়াড়দের দলবদল আজ থেকে শুরু হলেও সময়সীমা বাড়ানো হয়েছে। ফেডারেশন মনে করছে সময় বাড়ালে সব ক্লাব এগিয়ে আসবে। হকি ফেডারেশন সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বলেন, ‘১৫-১৭ নভেম্বর দলবদলের সময় নির্ধারণ করা ছিল। সেটা চার দিন বাড়ানো হয়েছে। ১৫-২১ নভেম্বর দলবদল চলবে।’ কিন্তু আবার কেন সময় বাড়ানো হলো জানতে চাইলে তিনি বলেন, ‘কয়েকটি ক্লাব অনুরোধ করেছে বলে এটা করা হয়েছে। কারণ তারা হরতালের জন্য ফেডারেশনে আসতে পারছে না।’ কোন্ ক্লাব অনুরোধ করেছে জানতে চাইলে তিনি বলেন, এটা কী বলতেই হবে।’ মৌখিকভাবে নাকি লিখিত অনুরোধ জানতে চাইলে তিনি বলেন, ‘ফোনে জানিয়েছে।’
সার্ভিসেস দলের খেলোয়াড়রা হকি লিগে খেলতে পারে না বলে যে নিয়মটির কথা এতোদিন শোনা গিয়েছিল তা আর থাকছে না। গতকাল হকি ফেডারেশন সার্ভিসেস দলের খেলোয়াড়দের হকি লিগে খেলার নিয়ম করে দিয়েছে। এ ব্যাপারে ফেডারেশন সাধারণ সম্পাদক বলছেন, এটা নিয়ে আমাদের কোনো আইন ছিল না। সার্ভিসেস দলগুলো যদি তাদের খেলোয়াড়দের অনুমতি দেয় তাহলে খেলতে পারবে।’
হকি লিগের দলবদলে অংশগ্রহণ করবে না বলে অফিস দল সোনালী ব্যাংক গতকাল আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ফেডারেশনকে। তারা বলেছে সব যদি দলবদলে অংশ না নেয় তাহলে সোনালী ব্যাংকও থাকবে না। এমন একটি চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন ফেডারেশন সাধারণ সম্পাদক। তিনি বলেছেন, ‘আমি ব্যাংকের এমডির সাথে কথা বলেছি। তিনি আমাদের কাছ থেকে নিশ্চয়তা চেয়েছেন দলবদল হওয়ার পর যদি খেলা না হয় তাহলে আর্থিক ক্ষতির সম্মুখিন হবেন। আমরা বলেছি যথা সময়ে খেলা হবে।’
