অবশেষে পুরস্কার পেলেন ক্রিকেটাররা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২২:১৩
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঘোষিত আর্থিক পুরস্কারের চেক দেয়া হল বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সাফল্য অর্জনের জন্য ক্রিকেটারদের পুরস্কিত করার ঘোষণা দিয়েছেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। পুরস্কারের চেক গতকাল শনিবার আনুষ্ঠানিকতার মধ্যে খেলোয়াড়দের মধ্যে বিতরণ করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার পুরস্কারের চেক প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শিবনাথ রায়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্যাচ সিরিজের ৩-২ ব্যবধানে জয়লাভ করে। ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ১৫ জন সদস্যকে এক লক্ষ টাকা করে পুরস্কার প্রদান করা হয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০ নম্বরে নেমে অভিষেক টেস্টে সেঞ্চুরি করায় আবুল হাসানকে ২ লক্ষ ও ওডিআই ম্যাচে সেঞ্চুরি করায় এনামুল হক বিজয়কে ২ লক্ষ টাকা পুরস্কার প্রদান করেন। এছাড়া শ্রীলঙ্কা সফরে গল টেস্টে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করার জন্য মুশফিকুর রহিমকে ৪ লক্ষ, ১৯০ রান করার জন্য মোহাম্মদ আশরাফুলকে ৩ লক্ষ ও সেঞ্চুরিয়ান নাসির হোসেনকে ২ লক্ষ টাকা পুরস্কার দেয়া হয়। নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে একই ইনিংসে সেঞ্চুরি ও হ্যাটট্রিকসহ ৬ উইকেট লাভ করায় সোহাগ গাজীকে ৩ লক্ষ টাকা, টেস্টে দুটি সেঞ্চুরিসহ ম্যান অব দ্য সিরিজ হওয়ার গৌরব অর্জন করায় মমিনুল হককে ২ লক্ষ টাকা পুরস্কার দেয়া হয়।