আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে মেসিবিহীন আর্জেন্টিনা জাতীয় দল। ইতোমধ্যে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করা দল দুটি এখানে শুক্রবার পরস্পরের মুখোমুখি হয়।
আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে পরস্পরের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাই করতেই দক্ষিণ আমেরিকার ফুটবল দল দুটি মুখোমুখি হলেও সেখানে তারা লড়েছে ভিন্ন আঙ্গিকে। স্বাগতিক হবার কারণে ব্রাজিল বিশ্বকাপের বাছাইপর্বে অংশ না নিলেও কনমেবল পদ্ধতিতে দক্ষিণ আমেরিকার বাচাইপর্বে শীর্ষ দল হিসেবেই চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অপরদিকে গোল ব্যবধানে উরুগুয়েকে পেছনে ফেলে শীর্ষ চার দলের তলানির দল হিসেবে ব্রাজিলের টিকিট লাভ করে ইকুয়েডর।
এদিন ইনজুরির কারণে জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে রিয়েল বেতিসের বিপক্ষে ম্যাচে তৃতীয়বারের মত হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি। ২৬ বছর বয়সি ওই তারকার সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। মৌসুমের শুরুতেও ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরি ও উরুর সমস্যার কারণে সাইডলাইনে ছিলেন মেসি। কয়েকদিন পর যুক্তরাষ্ট্রের মাটিতে আরো একটি প্রদর্শনী ম্যাচ খেলবে দল দুটি। বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা সোমবার সেন্ট লুইসে বসনিয়া হার্জোগোবিনার এবং মঙ্গলবার হাউসটনে হুন্ডোরাসের মোকাবেলা করবে উকুয়েডর। একই সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপের আয়োজক দেশ ব্রাজিল মুখোমুখি হবে উত্তর আমেরিকার দুই ফুটবল শক্তি’র বিপক্ষে। শনিবার মিয়ামিতে হুন্ডোরাস ও মঙ্গলবার টরেন্টোতে চিলির মোকাবেলা করবে ব্রাজিল। -বাসস
