দুই জ্যামাইকান উসেইন বোল্ট ও শেলি-অ্যান ফ্রেসার-প্রাইস ২০১৩ সালের বিশ্ব সেরা পুরুষ ও মহিলা অ্যাথলিট নির্বাচিত হয়েছেন। বোল্টের এটি টানা পঞ্চমবারের মতো অ্যাথলেটিক্সের বিশ্ব সংস্থা আইএএএফ-এর বিবেচনায় বিশ্বসেরা হওয়ার বিরল কৃতিত্ব। উভয়েই পুরস্কার বাবদ নগদ এক লাখ ডলার পেয়েছেন।
গেল আগস্টে মস্কোতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার, ২০০ মিটার ও ১০০ মিটারের রিলেতে সোনা জেতেন ২৭ বছর বয়সী এই জ্যামাইকান। এছাড়াও বছরটিতে অনুষ্ঠিত ১১টি ১০০ মিটারের দৌড়ের মধ্যে ১০টিই জয়ী হন এবং ২০০ মিটারের পাঁচটি দৌড়ের সবকটিতেই ছিলেন অপরাজিত। তার স্বদেশী শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস জিতে নেন মেয়েদের বিশ্বসেরার পুরস্কারটি। তিনিও রাশিয়াতে বোল্টের মতোই ইভেন্ট তিনটিতে সোনা জেতেন।
বোল্ট সেরা হওয়ার পথে মস্কোয় পাঁচ হাজার ও দশ হাজার মিটার দৌড়ে বিশ্ব চ্যাম্পিয়ন বৃটেনের মো ফারাহকে পরাস্ত করেন। আগের বছর অনুষ্ঠিত লন্ডন অলিম্পিকেও এ দুটি ইভেন্টে সোনা জেতেন ফারাহ। বোল্টের সাথে এ পুরস্কারের জন্য মো ফারাহ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন উক্রাইনের হাই জাম্পার বোহদান বোনদারেনকো। ফারাহর সান্ত্বনা এই যে, তার কোচ আলবার্তো সালাজার আইএএএফের ‘কোচিং অ্যাচিভমেন্ট’ পুরস্কারটি পান। সোমালি বংশোদ্ভূত বৃটিশ ফারাহকে দূরপাল্লার দৌড়ে বিখ্যাত হয়ে উঠতে সাহায্য করেন কিউবায় জন্ম নেয়া এই আমেরিকান।
বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে বোল্টই হলেন সবচাইতে সফল অ্যাথলিট। তিনি সর্বশেষ আসরটিতে তার অষ্টম সোনা ও সব মিলিয়ে ১০টি পদক জয়ের কৃতিত্ব দেখান।
মোনাকোয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বোল্ট জানান, ২০১৪ সালে তার লক্ষ্য হলো ২০০ মিটারে তার নিজের গড়া ১৯.১৯ সেকেন্ডের রেকর্ডটি ভাঙ্গা। তিনি বলেন, ‘এটা সবসময়েই আমার স্বপ্ন, এটা সবসময়েই আমার লক্ষ্য। এই মৌসুমটি হবে আমার জন্য রেকর্ড ভাঙ্গার মৌসুম। কারণ কোন বড় মাপের (আউটডোর) চ্যাম্পিয়নশিপ নেই। রেকর্ড ভাঙ্গার জন্য ১০০ মিটারের চাইতে ২০০ মিটার অনেক সহজ এই মৌসুমে সেটাই হবে আমার প্রধান লক্ষ্য।’
বিশ্বের সেরা ক্রীড়াবিদদের অন্যতম বোল্ট ইতোপূর্বে বলেছিলেন যে, তিনি ২০১৬ সালের অলিম্পিক আসরের পর অবসর নিতে পারেন। এখন তিনি বলছেন, এমনও হতে পারে যে ব্যাপারটা পরের বছর লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গিয়ে শেষ হতে পারে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমি আমার কোচের সাথে কিছু কথা বলেছি। তার মত হলো লোকজন মনে করে আমার আরো একটি বছর চালিয়ে যাওয়া উচিত।’
ফ্রেসার-প্রাইস এ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটারে সোনা জেতেন। আসরটিতে তার জেতা পদকের সংখ্যা সাতটি। মস্কোয় তিনি ১০০ মিটারের শিরোপা পুনরুদ্ধার করেন। ইভেন্টটিতে তার নেয়া ১০.৭১ সেকেন্ড বছর সেরা সময়। এমনকি ২০০ মিটারেও তিনি বছর সেরা সময়ে (২২.১৩) দৌড়ান জুনে অনুষ্ঠিত জ্যামাইকান চ্যাম্পিয়নশিপে। এছাড়া ২৬ বছর বয়সী এই স্প্রিন্টারের অলিম্পিকেও আছে চারটি পদক। এ পুরস্কার জয়ের পথে তিনি হারান নিউজিল্যান্ডের শটপুট ভ্যালেরি অ্যাডামস ও চেক প্রজাতন্ত্রের ৪০০ মিটারের হার্ডলার জুনানা হেজনোভা।
এক নজরে বোল্টের সোনার পদকগুলো
১০০ মিটার: ২০০৮, ২০১২ অলিম্পিক; ২০০৯, ২০১৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ
২০০ মিটার: ২০০৮, ২০১২ অলিম্পিক; ২০০৯, ২০১১, ২০১৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ
৪ গুণীতক ১০০ মিটার: ২০০৮, ২০১২ অলিম্পিক; ২০০৯, ২০১১, ২০১৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ।
