ভারতের মহারাষ্ট্র প্রাদেশিক শিক্ষা বোর্ড পাঠ্য বইয়ে শচিন টেন্ডুলকারের বিষয়ে একটি অধ্যায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। শচিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার এক দিন পরই এই সিদ্ধান্ত নেয়া হয়। মহারাষ্ট্রের শিক্ষা মন্ত্রী রাজেন্দ্র দারদা রবিবার বলেন, ‘শচিন একজন পথিকৃত্। ভারতের প্রতি বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণে সহায়তা করেছেন তিনি। তার সম্পর্কে ভবিষ্যত্ প্রজন্মের জানা দরকার আছে। আমরা একটি সভা করে তার বিষয়ে খুব শিগগিরই পাঠ্য বইয়ে একটি অধ্যায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’ মন্ত্রী জানান, কর্মকর্তারা বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং অতিরিক্ত একটি বিশেষ অধ্যায় অন্তর্ভুক্ত করা হবে। তবে কোন শ্রেণী এবং কোন বিষয়ে অন্তর্ভুক্ত করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। দারদা বলেন, ‘বিষয়টি পরিষ্কার করতে আমরা আরো বৈঠক করব।’
