বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে বাছাই পর্বের প্লে-অফের দ্বিতীয় লেগের খেলায় আজ নিউজিল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে খেলবে মেক্সিকো। প্রথম লেগে মেক্সিকো নিজেদের মাঠে নিউজিল্যান্ডকে ৫-১ ব্যবধানে পরাজিত করেছিল।
ব্রাজিলের টিকিট পেতে হলে আজ নিউজিল্যান্ডকে কমপক্ষে ৪-০ ব্যবধানে জিততে হবে। তবে আগের ম্যাচের বড়ো জয় আজ সফরকারীদের মনোবল যোগাবে নিঃসন্দেহে। প্রথম লেগে দুটি গোল করেছিলেন মেক্সিকোর স্ট্রাইকার অর্বি পেরেলটা। তিনি মনে করেন জয় নিয়েই তারা ব্রাজিলের টিকিট নিশ্চিত করবেন। পেরেলটা বলেন, ‘আমি জানি আমরা আগের খেলায় বড়ো ব্যবধানে জিতেছি। আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আগের জয়ের সুবিধা নিয়ে দ্বিতীয় লেগে ভাল কিছু করে ব্রাজিলের টিকিট নিশ্চিত করতে পারি।’
তবে নিউজিল্যান্ডের অধিনায়ক টনি স্মিথ এখনি হার মেনে নিচ্ছেন না। এমনকী নিজেদের মাঠে বড়ো জয় নিয়ে বিশ্বকাপের স্বপ্নও দেখছেন স্বাগতিক দলের অধিনায়ক, ‘বাস্তবতা হলো আমাদেরকে আক্রমণাত্মকভাবে খেলতে হবে। তাদেরকে চাপে ফেলতে হলে খেলার প্রথমেই গোল পেতে হবে। মেক্সিকোর বিপক্ষে আগের খেলায় আমরা আমাদের সমর্থকদেরকে কিছুটা হতাশ করেছি। সুতরাং আমাদেরকে সর্বস্ব উজাড় করে দিয়ে খেলতে হবে।’
নিউজিল্যান্ডের কোচ রিকি হার্বাট প্রথম লেগে শেন স্মেল্ট এবং মার্কো রগাসকে বসিয়ে রেখেছিলেন। তবে এই ম্যাচে বড়ো জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন এই দুই স্ট্রাইকার। আগের খেলায় হলুদ কার্ড দেখার জন্য আজ দলের বাইরে থাকতে হচ্ছে লিও বার্তোস এবং ক্রিস উডকে। তবে মেক্সিকোর কোচ মিগুয়ের হেরেরা প্রথম লেগে যে দল মাঠে নামিয়েছিলেন নিউজিল্যান্ডেও একই দল নিয়ে মাঠে নামবেন।
নিউজিল্যান্ড এ পর্যন্ত ১৯৮২ এবং ২০১০ সালে দুবার মাত্র বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে পেরেছে। অপরদিকে অপেক্ষাকৃত শক্তিশালী মেক্সিকো আগের পাঁচবারই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলেছে। তবে এপর্যন্ত মোট পাঁচবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে পারেনি উত্তর আমেরিকার দলটি।
