প্রস্তুতি নিয়ে আশাবাদী সালমারা

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২১:২০
মার্চ মাসে বাংলাদেশে যে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে, সেটা শুধু মুশফিক-সাকিবদের আসর যে নয়, এ কথাটা অনেকেই মনে রাখতে পারেন না। এই একই সঙ্গে বাংলাদেশে বসবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই বিশ্বকাপের জন্যই এখন নিবিড় প্রস্তুতিতে ব্যস্ত সালমা খাতুনরা। এই প্রস্তুতিকেই গত দু’দিন ধরে বিশেষ আকার দিচ্ছেন বাংলাদেশ জাতীয় মহিলা দলের নতুন কোচ শেন অ্যালান ডেইটজ। মেয়েদের জাতীয় দলে বিদেশি কোচ এর আগে থাকলেও অস্ট্রেলিয়ান ডেইটজের সংযোজন একটা নতুন মাত্রা যোগ করেছে, এটা জাতীয় দলের খেলোয়াড়রাই স্বীকার করছেন। জাতীয় দলের অধিনায়ক সালমা খাতুন নতুন কোচের সঙ্গে দু’দিনের অনুশীলনের অভিজ্ঞতায় বলছেন, তাদের বিশ্বকাপ প্রস্তুতির জন্য খুবই উপকারী হতে যাচ্ছে এই নিবিড় অনুশীলন। এমনিতেই টানা এই লম্বা ক্যাম্পের সুযোগ পাওয়াটাকে একটা বড় ব্যাপার মনে করছেন সালমা। সেই সঙ্গে এরই মধ্যে নতুন কোচের কিছু ব্যাপার খুব কার্যকর হয়ে উঠবে বলে মনে করছেন তিনি, ‘টানা অনুশীলন অবশ্যই আমাদের উপকৃত করবে। যে দু’দিন এই কোচের সঙ্গে আমরা কাজ করেছি, তাতে খুবই ভালো মনে হয়েছে। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে উনি আমাদের শট নিয়ে, পাওয়ার ব্যাটিং নিয়ে কাজ বেশি করতে চান। এটা খুব ভালো একটা ব্যাপার হবে।’