ভারতে বিশ্ব ক্লাব কাপ আয়োজন করতে চায় সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। এ জন্য তারা ফিফার সাথে যোগাযোগ শুরু করেছে।
প্রায় এক বছর আগে ফিফা’র ক্লাব বিশ্বকাপ নিজেদের মাঠে আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল এআইএফএফ। তাদের এই ইচ্ছার সাথে একাত্মতা প্রকাশ করে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার ভারতকে ‘বিডে’ অংশ নিতে উত্সাহ দিয়েছিলেন। এখন বিশ্বকাপটি আয়োজনে আগ্রহ জানিয়ে ‘বিডে’ অংশ নিতে ফিফার কাছে লিখিত আবেদন করেছে এআইএফএফ। বিষয়টি নিশ্চিত করে ভারতীয় ফুটবল এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি কুশাল দাশ জানান, ২০১৫ সালের ফিফা বিশ্বক্লাব কাপ আয়োজনের ‘বিডে’ অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তারা। এজন্য ইতোমধ্যেই বিডিং প্রক্রিয়ার বিস্তারিত জানতে চেয়ে ফিফার কাছে লিখিত আবেদনও করা হয়েছে।
ভারত মূলত ২০১৭ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনের জন্য প্রার্থী হয়েছিল। এই প্রার্থিতার বিস্তারিত ফিফার কাছে জমা দেবার পরে তারা ক্লাব বিশ্বকাপের আগ্রহ প্রকাশ করে। ব্ল্যাটারের সাথে আলোচনা করেই এআইএফএফ সভাপতি প্রফুল্ল প্যাটেল বলেছেন, ‘২০১৭ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনই ভারতের মূল লক্ষ্য। এছাড়া ২০১৫ সালের বিশ্বক্লাব কাপ আয়োজনের বিডেও অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ভারত। বিশ্ব ফুটবলের সাথে নিজেদের মানিয়ে নিতে উভয় টুর্নামেন্টই ভারতের তরুণ খেলোয়াড়দের দারুণভাবে সহযোগিতা করবে বলে আমার বিশ্বাস। এজন্য আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। পাশাপাশি কিছু সীমাবদ্ধতাও রয়েছে। কিন্তু ক্রীড়াঙ্গনের স্বার্থে আমরা সব বাঁধা পেরিয়ে যেতে আশাবাদী। দুটি বিডেই সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন ও ভারতীয় সরকারের কিছু লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সামনে সবচেয়ে বড় বাঁধা অবকাঠামোগত সীমাবদ্ধতা। কিন্তু আমি নিশ্চিত সেই সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো।’
ভারতের পাশাপাশি ২০১৭ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য প্রার্থিতা জানিয়েছে আয়ারল্যান্ড, উজবেকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ফিফা ক্লাব বিশ্বকাপ খুবই অভিজাত এক চ্যাম্পিয়নশীপ। এতে বিজয়ী দল পায় ৫০ লাখ ডলার। দুই সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টে ছয়টি অঞ্চল থেকে সাতটি দল অংশ নেয়। এর মধ্যে থাকে স্বাগতিক লিগের চ্যাম্পিয়ন দল। —বাসস
