নিউজিল্যান্ড সফরেও দল অপরিবর্তিত উইন্ডিজের

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২১:২১
সমপ্রতি ভারতের কাছে চরমভাবে বিপর্যস্ত হওয়া সত্ত্বেও আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলার জন্য বর্তমান দলটিকেই অপরিবর্তিত রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লি¬উআইসিবি)। ভারত সফরে দুই টেস্টের সিরিজে ব্যাট হাতে ২৫ রান এবং ২১ ওভার বোলিং করে উইকেট শূন্য ড্যারেন স্যামিই ক্যারিবীয় দলের নেতৃত্বে বহাল থাকবেন। ভারতের বিরুদ্ধে হঠাত্ করেই আয়োজিত সম্প্রতি সমাপ্ত সিরিজের উভয় ম্যাচেই তিন দিনের মধ্যে এবং ইনিংস ব্যবধানে হেরেছে ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজ দলের মাত্র দু’জন ব্যাটসম্যান সিরিজে সব মিলিয়ে ১০০’র বেশি রান করতে সক্ষম হন। একমাত্র বোলার অফ স্পিনার শেন শিলিংফোর্ডকেই কেবল সফল বলা যেতে পারে। তিনি দুই টেস্টে ১১ উইকেট শিকার করেন। তার সতীর্থ আর কোন বোলারই দু’টির বেশি উইকেট শিকার করতে পারেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজের প্রথমটি ৩ ডিসেম্বর ডানেডিনে শুরু হবে। টেস্ট র্যাংকিংয়ে বর্তমানে ছয় নম্বরে থাকা ক্যারিবীয়রা ২-০ কিংবা তার চেয়েও বেশি ব্যবধানে হারলে আরো এক ধাপ নিচে নেমে যাবে। দল : ড্যারেন সামি (অধিনায়ক), দিনেশ রামদিন (উইকেট রক্ষক ও সহ-অধিনায়ক), টিনো বেস্ট, ড্যারেন ব্রাভো, শিবনারায়ন চন্দরপল, শেলডন কট্রেল, নারসিং ডিওনারিন, ক্রিক এডওয়ার্ডস, শ্যানন গাব্রিয়েল, ক্রিস গেইল, ভিরাসামি পেরমল, কাইরন পাওয়েল, মারলন স্যামুয়েলস, শেন শিলিংফোর্ড, চাঁদউইক ওয়ালটন (উইকেট রক্ষক)।-বাসস