নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের লম্বা সিরিজ উপলক্ষে অনেকটাই বর্ণহীনভাবে শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ কয়েকটা রাউন্ড। অবশ্য ব্রাদার্স ইউনিয়ন ও শেখ জামাল ম্যাচের পুনরায়োজনে খানিকটা হলেও রং ফিরেছিল। আর আজ থেকে পুরো রং-রূপ নিয়েই আবার মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের চূড়ান্তপর্ব—সুপার লিগ।
গতকালই ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ ঘোষণা করে দিয়েছে সেরা ছয় দলকে নিয়ে অনুষ্ঠেয় সুপার লিগের প্রথম তিন রাউন্ডের সূচি। সে সূচি অনুযায়ী আজ মিরপুর, ফতুল্লা ও বিকেএসপিতে তিনটি খেলা দিয়ে শুরু হবে সুপার লিগ। এরপর ২২ নভেম্বর সুপার লিগের দ্বিতীয় রাউন্ড ও ২৩ নভেম্বর তৃতীয় রাউন্ডের তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে একই তিন ভেন্যুতে।
আজ প্রথম রাউন্ডে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দল গাজী ট্যাংক ক্রিকেটার্স খেলবে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব লড়বে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে। আর বিকেএসপির দুই নম্বর মাঠে বড় ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
তিনটি ভেন্যুতেই তারকাদের ছড়াছড়ি থাকবে। সুপার লিগে জাতীয় দলের সাকিব আল হাসান, নাঈম ইসলাম, তামিম ইকবাল, নাফীস ইকবালের মতো কয়েকজন তারকা খেলতে পারবেন না তাদের দল কলাবাগান ক্রীড়াচক্র অপ্রত্যাশিতভাবে সেরা ছয়ে না থাকায়। এ ছাড়া প্রায় সব তারকাকেই আজ থেকে আবার ঢাকার ক্রিকেট মাঠে দেখা যাবে। সেই সঙ্গে আজ থেকে শুরু হওয়া সুপার লিগে আলো ছড়াবেন কয়েকজন বিদেশি তারকাও।
মিরপুরে এবারের চমক কলাবাগান অ্যাকাডেমির বিপক্ষে রীতিমতো তারকাখচিত দল নিয়ে নামবে গাজী ট্যাংক। এমনিতেই ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেনরা মিলে দলটিকে দারুণ ফর্মে রেখেছেন। এর সঙ্গে আজ গাজী ট্যাংকের হয়ে মাঠে নামার কথা ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যান এউইন মরগান ও নেদারল্যান্ডসের অলরাউন্ডার রায়ান টেন ডেসকাটের। বিপরীতে কলাবাগান অ্যাকাডেমির ঝুলিতে দেশি মার্শাল আইয়ুব এবং জিম্বাবুয়ের হ্যামিলটন মাসাকাদজা ছাড়া বলার মতো তেমন তারকা নাম নেই।
তবে অ্যাকাডেমি দল দাবি করতে পারে, তারা তারকা ছাড়াই চমক দেখাতে কম যাচ্ছে না!
ফতুল্লায় দুই ‘প্রাইম’-এর লড়াইয়ে ঠিক কাকে দল দেখে এগিয়ে রাখবেন, সেটা বলা খুব মুশকিল। দেশি-বিদেশি মাঝারি মানের তারকাদের নিয়ে দু’ দলই কার্যকর দল নিয়ে মাঠে নামবে। সোহাগ গাজী ও মুমিনুল হকের মতো বর্তমানে দেশ কাঁপানো দুই তরুণ তারকার সঙ্গে প্রাইম দোলেশ্বরে যোগ দিয়েছেন তিন ইংলিশ ক্রিকেটার ডেউড মেলান, ক্রিস ন্যাশ ও জশুয়া কব। এদিকে জিয়াউর রহমান, এনামুল জুনিয়রদের পাশে প্রাইম ব্যাংকের হয়ে লড়বেন তিন বিদেশি ক্রিকেটার রবি বোপারা, লিয়াম ডসন ও লংকান সিহান জয়াসুরিয়া।
আজ দিনের সবচেয়ে বড় তারকার লড়াইটা হতে যাচ্ছে বিকেএসপিতে। জাতীয় দলের তারকাদের সবচেয়ে বড় সংগ্রহ গড়া শেখ জামাল মুশফিকুর রহিমদের সঙ্গে দলে রেখেছে চার বিদেশি এলটন চিগাম্বুরা, দিলশান মুনাবীরা, স্টিভেন ক্রুক ও অ্যাঞ্জোলো পেরেরাকে। এর একজনকে আজ বসিয়েই রাখতে হবে শেখ জামালকে। এদিকে শুরুতে দুর্বল মনে হলেও মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে দারুণভাবে পারফরম করতে থাকা মোহামেডানের হয়ে দেশি তারকাদের সঙ্গে মাঠে নামতে প্রস্তুত ইংল্যান্ডের ক্রিকেটার সামিট প্যাটেল এবং দুই আফগান ক্রিকেটার আজগর স্টানিকজাই ও রহমত শাহ।
প্রশ্ন একটাই—এই এতো তারকা মিলিয়ে সাকিব-তামিমের অভাব মেটাতে পারবেন তো!
সুপার লিগে খেলবে যারা
দল পয়েন্ট রানরেট
গাজী ট্যাংক ১৪ ০.৫৩৫
প্রাইম দোলেশ্বর ১৪ ০.১৯০
মোহামেডান স্পোর্টিং ১৪ -০.৩৫৩
শেখ জামাল ১২ ০.৭২৬
প্রাইম ব্যাংক ১২ ০.৭৩৩
কলাবাগান অ্যাকাডেমি ১১ -০.৫৬৬
সূচি (১ম থেকে তৃতীয় রাউন্ড)
প্রথম রাউন্ড-২০ নভেম্বর
ভেন্যু ম্যাচ
মিরপুর গাজী ট্যাংক—কলাবাগান অ্যাকাডেমি
ফতুল্লা প্রাইম দোলেশ্বর—প্রাইম ব্যাংক
বিকেএসপি-২ মোহামেডান—শেখ জামাল
দ্বিতীয় রাউন্ড-২২ নভেম্বর
মিরপুর গাজী ট্যাংক—প্রাইম ব্যাংক
বিকেএসপি-২ প্রাইম দোলেশ্বর—শেখ জামাল
ফতুল্লা মোহামেডান—কলাবাগান অ্যাকাডেমি
তৃতীয় রাউন্ড-২৩ নভেম্বর
ফতুল্লা গাজী ট্যাংক—শেখ জামাল
মিরপুর প্রাইম দোলেশ্বর—মোহামেডান
বিকেএসপি-২ প্রাইম ব্যাংক—কলাবাগান অ্যাকাডেমি
