ডেভেলপারদের পুরস্কার দিচ্ছে গুগল

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ১৯:৩০
অনলাইনে নিরাপত্তা জোরদার করার জন্য প্রতিটি প্রতিষ্ঠানই নিজেদের বিশেষ নিরাপত্তা বিশেষজ্ঞ নিয়ে কাজ করে থাকে। টেক জায়ান্ট গুগল’রও রয়েছে এমন বিশেষজ্ঞ টিম। তবে এর বাইরেও অনলাইন নিরাপত্তা নিয়ে কাজ করে থাকে এমন ডেভেলপারদের জন্য বিশেষ সুযোগ চালু করেছে গুগল। ইন্টারনেটকে নিরাপদ একটি স্থানে পরিণত করতে যারাই অবদান রাখতে পারবে, তাদের পুরস্কৃতও করবে গুগল। গুগল সিকিউরিটি টিমের মাইকেল জেলউইস্কি জানিয়েছে, বিভিন্ন থার্ড-পার্টি ওপেন সোর্স যেসব প্রকল্প ইন্টারনেটের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে, তাদের স্বীকৃতি দেওয়া এবং পুরস্কৃত করাই এই উদ্যোগের লক্ষ্য। বিভিন্ন ধরনের সিকিউরিটি প্যাচের জন্য রয়েছে ৫০০ ডলার থেকে তিন হাজার ডলারেরও বেশি অর্থ পুরস্কার। তবে যেসব প্রকল্পের জন্য পুরস্কার দাবি করা হবে না, সেগুলোর জন্য প্রাপ্য পুরস্কারের অর্থ দাতব্য কাজে ব্যয় করা হবে।