রোনালদোর হ্যাটট্রিকে পর্তুগাল চূড়ান্ত পর্বে

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২১:৪১
ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে পর্তুগাল টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে যাচ্ছে। এছাড়াও বিশ্বকাপের প্লে-অফ পর্ব জিতে ইউরোপের আরো তিন দেশ সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স, ক্রোয়েশিয়া ও গ্রীস ২০১৪ সালের বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। একই প্রক্রিয়ায় আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপটিতে যোগদানের কৃতিত্ব দেখায় আফ্রিকার ঘানা ও আলজেরিয়া এবং মধ্য আমেরিকার দেশ মেক্সিকো। সব মিলিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে আর একটি আসন বাকি থাকলো। সেটিও নিশ্চিত হয়ে যাবে গতকাল বুধবার রাতে উরুগুয়ের মন্টেভিডিওতে অতিথি জর্দানের সাথে স্বাগতিকদের প্লে-অফটির পর। উরুগুয়ে প্রথম লেগে বড় জয়ের সুবাদে ভাল অবস্থানে আছে। পর্তুগাল আগের পর্বে জিতেই সুইডেনের মাঠে নেমে সাফল্য পায়। কিন্তু খোদ ফরাসিরাও নিজ দলের জয়ের ব্যাপারে সামান্যই ভাবতে পেরেছিল। কারণ দলটি বিপক্ষ ইউক্রেনের মাঠে আগের পর্বে দুই গোলে হেরে এসেছিল। শেষ পর্যন্ত দেখা গেল ফুটবলের ইতিহাসে অন্যতম স্মরণীয় এক ঘুরে দাঁড়ানোর নজির গড়ে ফ্রান্স শেষ পর্যন্ত নিজ মাঠে ফিরতি লেগে অতিথিদের ৩-০ গোলে হারিয়ে নাম লেখায় আগামী জুনে অনুষ্ঠেয় ব্রাজিল বিশ্বকাপে। মাহমুদ সাখো ও করিম বেনজেমার গোল ও ইউক্রেন ডিফেন্ডারের আত্মঘাতী গোলই এই ব্যবধান গড়ে দেয়। গত মঙ্গলবার রাতে বিশ্বজুড়ে অনুষ্ঠিত হয় বাছাই পর্ব শেষের এই প্লে-অফগুলো। এতে ক্রোয়েশিয়া ২-০ গোলে আইসল্যান্ডকে হারিয়ে এবং গ্রীস ১-১ গোলে রোমানিয়ার সাথে ড্র করেও বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। আফ্রিকায় ঘানা ১-২ গোলে স্বাগতিক মিসরের কাছে হেরেও আগের লেগে পাঁচ গোলে এগিয়ে থাকার কারণে সফল হয়। আলজেরিয়া নিজের মাঠে ১-০ গোলে বুরকিনা ফাসোকে হারিয়ে একই যোগ্যতা অর্জন করে। মেক্সিকো গতকাল বুধবার অনুষ্ঠিত খেলায় ওয়েলিংটনে স্বাগতিক নিউজিল্যান্ডকে ফিরতি লেগে ৪-২ গোলে হারিয়ে ব্রাজিলের টিকেট কাটে। তবে সবকটি খেলাকেই ছাপিয়ে যায় ব্যক্তিগত নৈপুণ্যে রোনালদোর জ্বলে ওঠা। এ রাতে অপ্রতিরোধ্যই ছিলেন পর্তুগীজ তারকা। তার তিনটি গোলই আসে দ্বিতীয়ার্ধে। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারটির দুর্দান্তপনাতেই পর্তুগাল ৩-২ গোলে সুইডেনকে হারায়। সুইডেনের পক্ষে দুটি গোলই করেন জ্লাটান ইব্রাহিমোভিচ। কিন্তু নিজ মাঠে এ দুগোল যথেষ্ট ছিল না। ফলে কপাল পোড়ে বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা ইব্রাহিমোভিচ ও তার দেশবাসীর। কেননা দুই পর্ব মিলিয়ে পর্তুগীজরা ৪-২ গোলে জিতে নেয় ইউরোপীয়ান প্লে অফটি। রোনালদো ২০১৩-১৪ মৌসুমে এ নিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে ২০ গোল করলেন। সুইডেনের বিরুদ্ধে প্রথম লেগের খেলায় একমাত্র গোলটিও ছিল তারই করা। সুইডেন ও পর্তুগালের খেলাটিকে দেখা হচ্ছিল বর্তমান বিশ্বের দুই সেরা স্ট্রাইকার রোনালদো ও ইব্রাহিমোভিচের মধ্যকার দ্বৈরথ হিসেবেও। তাতে জয় হলো রোনালদোর যিনি চলতি মৌসুমে দুদান্ত নৈপুণ্য দেখিয়ে চলেছেন। আবার সুইডেনের বিদায়ে ফুটবলামোদীরা ব্রাজিল বিশ্বকাপে দেখতে পাবে না ইব্রার তারকা দ্যুতি। রোনালদো খেলা শেষে পর্তুগিজ টেলিভিশনে বলেন,‘আমি জানতাম পর্তুগালের এই খেলাগুলোতেই দরকার ছিল আমাকে । আমি সেটাই করে দেখিয়েছি।’ সুইডেনের মাঠে এ রাতে নিজেই পাল্টা আক্রমণ রচে ৫০ মিনিটের সময় বা পায়ের জোরালো শটে গোলের সূচনা করেন রোনালদো। এই গোলে পিছিয়ে পড়ার পর চূড়ান্ত পর্বে যাওয়ার জন্য তিন গোল দরকার ছিল স্বাগতিকদের। ইব্রাহিমোভিচ ৬৭ মিনিটে গোল করে দ্রুতই সাড়া দিয়েছিলেন। শুধু তাই নয় প্যারি সেন জামেইর এ স্ট্রাইকার ৭১ মিনিটে আবারো গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে দিয়ে চূড়ান্ত পর্বের আশা জাগিয়ে তুলেছিলেন। কিন্তু পর্তুগীজ স্ট্রাইকারটি পাল্টা আক্রমণে আরো দুই দফায় গোল করে আবারো নিজের শ্রেষ্ঠত্বের জানান দেন। ব্রাজিলে খেলার যোগ্যতা অর্জনকারী দেশগুলো: দক্ষিণ আমেরিকা: আর্জেন্টিনা, ব্রাজিল (স্বাগতিক), কলম্বিয়া, ইকুয়েডোর, চিলি। ইউরোপ: নেদারল্যান্ড, ইতালি, বেলজিয়াম, জার্মানি, সুইজারল্যান্ড, স্পেন, ইংল্যান্ড, রাশিয়া, বসনিয়া, ক্রোয়েশিয়া, গ্রীস, ফ্রান্স, পর্তুগাল। আফ্রিকা: আলজেরিয়া, ক্যামেরুন, ঘানা, আইভরি কোস্ট, নাইজেরিয়া। এশিয়া: জাপান,দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া। উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয়: যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, হন্ডুরাস ও মেক্সিকো। উল্লেখ্য ৬ ডিসেম্বর চূড়ান্ত পর্বের দলগুলোর ড্র শেষে জানা যাবে কে কার সাথে খেলবে। চারটি করে দেশ আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রাথমিক পর্ব। ব্রাজিলের ১২টি শহরে হবে বিশ্বকাপটি। ১২ জুন সাও পাওলোতে টুর্নামেন্টটি উদ্বোধন হবে। ফাইনাল হবে ১৩ জুলাই রিও ডি জেনিরোতে।