দেশের প্রথম পেশাদার গলফার সিদ্দিকুর রহমান আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে আইএসপিএস হানডা বিশ্বকাপ গলফ টুর্নামেন্টে অংশ নেয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নেবেন। কেননা তিনিই হলেন গলফ বিশ্বকাপে অংশ নেয়া প্রথম বাংলাদেশি এবং এখানে ভাল করলে তিনি ২০১৬ সালের অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করতে পারবেন। এই প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার আগে সিদ্দিকুর তার সাম্প্রতিক পারফর্মেন্স ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে গেছেন।
সিদ্দিকুর এশিয়ান ট্যুরডটকমকে বলেন, ‘নিজের ২৯তম জন্মদিনে প্রথম বিশ্বকাপে অংশ নিতে পারাটা দারুণ। আমি সত্যি শিহরিত এবং এ টুর্নামেন্টে খেলতে পেরে আনন্দিত। ইতোমধ্যে যা অর্জন করেছি সেজন্যও আমি গর্বিত। সমর্থকদের কাছ থেকে এবং ফেসবুক বন্ধুদের কাছ থেকে অনেক বার্তা ও ই-মেইল পেয়েছি। তারা আমাকে ভাল খেলতে অনুপ্রেরণা দিয়েছেন। এটা আমার এবং বাংলাদেশের গলফের জন্য ভাল।’
দুই সপ্তাহ আগে তিনি ভারতের রাজধানী দিল্লীতে হিরো ইন্ডিয়ান ওপেন জয়ের সুবাদে দ্বিতীয় কোন এশিয়ান ট্যুর শিরোপা জেতেন। মাঝে অস্ট্রেলিয়ায় একটি টুর্নামেন্টে খারাপ করলেও দিল্লীতে জয়ের সুবাদে গত চার বছরের মধ্যে তৃতীয়বারের মতো অর্ডার অব মেরিটে শীর্ষ ১০ জনের মধ্যে থাকছেন।
এই প্রতিযোগিতায় ব্যক্তিগত বিভাগে জয়ীদের জন্য পুরস্কারের পরিমাণ ৭০ লাখ এবং যেসব দেশের দুইজন করে প্রতিযোগী আছেন তাদের জন্য দলগত ক্যাটাগারিতে ১০ লাখ ডলার পুরস্কার হিসেবে থাকছে। সিদ্দিকুর আশা করছেন, এটাও বাংলাদেশে গলফের বিকাশে সাহায্য করবে।
বাংলাদেশের এই গলফার আরো জানান যে, মেলবোর্নের রয়্যাল ক্লাবে যে ধরনের ‘গ্রীনে’ খেলা হবে সে জন্য গত কদিনে তিনি অনেক অনুশীলন করেছেন। শুধু তাই নয়, সিদ্দিকুর ধারণা করছেন তিনি এখন ভাল করছেন।
উল্লেখ্য, বিশ্বের শীর্ষস্থানীয় ৬০ জন গলফার বিশ্বকাপে অংশ নিচ্ছেন। এর মধ্যে এশিয়া থেকে ঠাঁই পেয়েছেন সিদ্দিকুরসহ কেবল ১৩ জন। ২৪ নভেম্বর শেষ হবে এই বিশ্বকাপটি।
