এমনিতেই চিলির বিরুদ্ধে তার রেকর্ড ভাল। সর্বশেষটিতে বদলি হিসেবে মাঠে নেমেও জয়সূচক গোল করলেন ‘চিলি কিলার’ রবিনহো। তাতে বিশ্বকাপের আয়োজক ব্রাজিল টানা ছয় খেলায় অপরাজিত থাকলো। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে খেলার শুরুর দিকেই গোলের সূচনা করেন হাল্ক।
মিলান ফরোয়ার্ড রবিনহো এ নিয়ে চিলির বিরুদ্ধে নয়টি গোল করলেন। শুধু তাই নয়, এ গোলে ব্রাজিলের হয়ে আরেকটি বিশ্বকাপ খেলার ব্যাপারে নিজের সম্ভাবনাও জোরদার করলেন এই স্ট্রাইকার। কেননা এর আগে হন্ডুরাসের বিরুদ্ধে গত সপ্তাহের প্রীতি ম্যাচেও ভাল খেলেছেন তিনি। গতকাল বুধবার চিলির বিরুদ্ধে খেলাটিতে ৭৯ মিনিটে হেডে গোলটি করেন ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। এরপরই তিনি আশা করেন যে, সর্বশেষ পারফরম্যান্স তাকে কোচ লুইস ফেলিপ স্কলারির বিশ্বকাপ দলে জায়গা করে দেবে।
এ নিয়ে তাদের দক্ষিণ আমেরিকার প্রতিবেশীদের বিরুদ্ধে পেলের চাইতেও এক বেশি করা রবিনহোকে ব্রাজিল কোচ দুই বছর পর আবার হন্ডুরাস ও চিলির বিরুদ্ধে খেলার জন্য জাতীয় দলে ডাকেন।
রবিনহোও ২০১১ সালের পর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে কোচকে হতাশ করেননি। হন্ডুরাসের বিপক্ষে ৫-০ গোলের জয়ে ভাল খেলা রবিনহো সতীর্থদের গোলের উত্স রচে দেন। মজার ব্যাপার হলো স্কোলারি এই খেলাগুলোর জন্য রবিনহোকে দলে ডাকায় অনেকে বিস্মিত হয়েছিলেন। কিন্তু কোচের আস্থার প্রতিদান দিয়ে তিনি এখন নিজেদের মাঠে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে খেলার দাবিদার। রবিনহো জানিয়েছেন, তিনি তার সেরাটা দেয়ার চেষ্টা করছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী বছরের মার্চে ব্রাজিল তাদের সর্বশেষ প্রীতি ম্যাচটি খেলবে। এই খেলাটির পর স্কলারি তার বিশ্বকাপ দলের প্রাথমিক তালিকা ঘোষণা করবেন। গোল ডট কমকে দেয়া এক সাক্ষাত্কারে রবিনহো বলেন,’বিশ্বকাপের আগে আমাদের আর খুব বেশি খেলা নেই। আর তাই স্কলারির দেয়া সুযোগগুলো আমি কাজে লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। হন্ডুরাস ও চিলির বিরুদ্ধে নিজের সেরাটা খেলার চেষ্টা করেছি আমি। মিলানে আমাকে ভালভাবে প্রস্তুতি নিতে হবে। এখন আমার লক্ষ্য বিশ্বকাপে জায়গা করে নেয়া।
