ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যাম বাছাইপর্বের প্লে-অফে ইউক্রেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিতের পর আশা প্রকাশ করে বলেছেন, তার দল বিশ্বকাপে মনে রাখার মতো কিছু করে দেখাবে। ওই জয়ের পর পরই দেশ্যামের সাথে ২০১৬ সাল পর্যন্ত চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছে ফ্রান্স।
ইউক্রেনের কাছে প্লে-অফের প্রথম লেগে ২-০ ব্যবধানে হারার পর বিশ্বকাপে খেলার স্বপ্ন ধূলিসাত্ হতে বসেছিল ফরাসিদের। তবে নিজেদের মাটিতে বড়ো জয় দিয়ে রেকর্ড গড়েই ব্রাজিলের টিকিট নিশ্চিত করলো ফ্রান্স। এর আগে প্লে-অফের প্রথম লেগে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে ইউরোপের কোনো দল বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলতে পারেনি। অবশ্য এই জয়ে ভাগ্যকেও মানছেন ফরাসী কোচ। তিনি বলেন, ‘এটাই ফুটবলের জাদু। চারদিন আগেও আমরা খারাপ অবস্থানে ছিলাম। কিন্তু খেলোয়াড়রা আজ রাতে (গতকাল) দারুণ খেলেছে।’
দেশ্যাম আরো বলেন, ‘এই খেলায় জয় পাওয়ার ব্যাপারে আমাদের সন্দেহ ছিল না। আমরা দারুণ খেলেছি এবং এই ধরনের খেলা ফরাসি ফুটবলের জন্য খুবই দরকারি। দেয়ালে পিঠ ঠেকে গেলে দারুণ কিছু করে দেখানো ফরাসি ফুটবলের একটি রীতিতে পরিণত হয়ে গেছে। আমরা বিশ্বকাপের বাছাইপর্বে উত্তীর্ণ হয়েছি। আমরা আরো ভাল কিছু করে দেখানোর যোগ্যতা রাখি।’
এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফ্রান্সের সব থেকে অভিজ্ঞ খেলোয়াড় ফ্রাঙ্ক রিবেরি বলেন, ‘এটা সত্যিই দারুণ এবং চমত্কার! আমরা খুবই খুশি। এখন আমরা আনন্দ নিয়েই নিজ নিজ ক্লাবের হয়ে খেলতে যাব এবং ব্রাজিলে আমাদের কর্ম পরিকল্পনা নিয়ে ভাববো।’ বায়ার্ন মিউনিখের এই প্লে-মেকার আরো বলেন, ‘ফ্রান্সকে ব্রাজিলে না দেখা আমাদের জন্য অকল্পনীয়। আমরা দারুণ খেলে উত্তীর্ণ হয়েছি।’
বিশ্বকাপের পর্যন্ত ফ্রান্সের কোচ থাকার কথা ছিল দেশ্যামের। তবে ইউরোপ অঞ্চলে রেকর্ড গড়া এই জয়ের পরপরই ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রেট দেশ্যামের সাথে ২০১৬ সাল পর্যন্ত চুক্তি নবায়নের ঘোষণা দেন। লে গ্রেট সাংবাদিকদের বলেন, ‘দিদিয়েরের উপর আমার পূর্ণ আস্থা আছে। আগামী ২০১৬ সাল পর্যন্ত সে লেস ব্লুজদের সাথেই থাকবে।’
ফ্রান্স যদি বিশ্বকাপে যেতে না পারতো তবে ফরাসি কোচ দল ছেড়ে চলে যাবার ইঙ্গিত দিয়েছিলেন। এই চুক্তির ফলে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দেশ্যামের চাকরির মেয়াদ বৃদ্ধি পেল। ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ ফ্রান্সেই অনুষ্ঠিত হবে।
