জ্লাটান ইব্রাহিমোভিচ ঘোষণা দিয়েছেন, যে বিশ্বকাপ তার প্রতিভাকে বঞ্চিত করেছে তা তিনি দেখবেন না। গত মঙ্গলবার রাতে পর্তুগালের কাছে ৩-২ গোলে হেরে ব্রাজিল বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙ্গে যাওয়ার পর তিনি একথা বলেন।
ইব্রার বয়স এখন ৩২। পরের বিশ্বকাপের সময় তার বয়স হবে ৩৬। তাই এই সুইডিশ স্ট্রাইকারও মানছেন তার শেষ বিশ্বকাপ খেলার স্বপ্ন বাস্তবে রূপ পেল না। তিনি বলেন, ‘জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার জন্য এটাই সম্ভবত আমার শেষ সুযোগ ছিল।’ এরপরই যোগ করেছেন, ‘একটা ব্যাপার নিশ্চিত— যে বিশ্বকাপে আমি খেলবো না; তা দেখার কোনো মানে হয় না। সুতরাং বিশ্বকাপের জন্য অপেক্ষা করার কোনো কারণ নেই।’
প্রতিপক্ষ পর্তুগালের প্রশংসা করে পিএসজি’র এই স্ট্রাইকার বলেন,‘ সবাই বিশ্বকাপ খেলতে চায়। তবে একই সময়ে বাস্তবতা মেনে আমি বলবো, সুইডেনের থেকে পর্তুগাল ভাল দল। পর্তুগালকে অভিনন্দন। তবে দুটি দলই বিশ্বকাপে খেলার দাবিদার। এখানে হতাশার ব্যাপার হলো ব্রাজিল বিশ্বকাপ খেলা আমাদের জন্য স্বপ্ন হয়েই রইলো।’
ওই খেলায় সুইডেনের দুটি দুর্দান্ত গোলই আসে ইব্রাহিমোভিচের কাছ থেকে। তারপরও ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। এরপর রোনালদো সম্পর্কে কথা বলতে বললে ইব্রা সরাসরি কিছু বলেননি। এসময় এই সুইডিশ তারকা বলেন, ‘খেলাটা দেখুন। তাহলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে।’
