কাতারের কাজের পরিবেশ ‘অগ্রহণযোগ্য’— ব্লাটার

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২১:৫৪
ফিফার সভাপতি সেপ ব্লাটার কাতারে বিশ্বকাপ আয়োজনের জন্য শ্রমিকদের কাজের পরিবেশকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তা পরিবর্তনের তাগিদ দিয়েছেন। নইলে দেশটি থেকে বিশ্বকাপ সরিয়ে আনার হুমকিও দেন তিনি। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ২০২২ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য দেশটিতে শ্রমিকদের কাজের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে। ব্লাটার জার্মানে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি), কনফেডারেশন অব জার্মান ট্রেড ইউনিয়নস এবং জার্মান ফুটবল ফেডারেশনের (ডিবিএফ) সাথে কাতারের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। জুরিখের ওই মিটিংয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাথে সহমত প্রকাশ করা হয়েছে। শ্রমিকদের কাজের পরিবেশ নিয়ে আরব দেশটি সচেতন হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন ফিফা সভাপতি। ব্লাটার এই আলোচনা শেষে বলেন, ‘অর্থনৈতিক এবং রাজনৈতিক নেতাদেরকে কাতারের এই অগ্রহণযোগ্য পরিবেশের উন্নয়নে কাজ করতে হবে। এই কারণেই ডিবিএফ এবং আইটিইউসি’র পক্ষ থেকে নেয়া উদ্যোগকে আমি স্বাগত জানিয়েছি। আমরা মিলিতভাবে পরিবর্তন আনতে পারবো।’ ইতোমধ্যে কাতারের নেয়া পদক্ষেপকে স্বাগত জানিয়ে ব্লাটার বলেন, ‘আমি আশ্বস্ত হয়েছি যে কাতার বর্তমান পরিস্থিতিকে গুরুত্বের সাথে নিচ্ছে। কাতারকে নিয়ে আমাদের এই আলোচনাই প্রমাণ করে ফুটবল জনমত গঠনে কতোটা কার্যকর হতে পারে এবং তার মাধ্যমে পরিবর্তন আনতে পারে।’ আইটিইউসি’র সভাপতি মাইকেল সোমার তাদের পাশে ফুটবলের প্রধান পৃষ্ঠপোষক সংস্থাটিকে পেয়ে উচ্ছ্বসিত। তিনি মনে করেন, কাতারের কাছ থেকে আশানুরূপ সাড়া পাবেন। সোমার বলেন, ‘কাতারে শ্রমিকদের জন্য উপযুক্ত কাজের পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের পাশে ফিফা এবং ডিবিএফকে পেয়েছি। এতে আমরা খুবই খুশি।’ কাতারের প্রতি কঠোর হওয়ার ইঙ্গিত দিয়ে তিনি আরো বলেন, ‘কাতারকে অবশ্যই আন্তর্জাতিক শ্রমিক সংস্থার মূল আইন অনুযায়ী শ্রমিকদের কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। সেখানে কর্মরত ১৩ লক্ষ শ্রমিকের মধ্যে কোনো বৈষম্য রাখা যাবে না। কাতার যদি ঠিকঠাকভাবে সাড়া না দেয় তাহলে সেখান থেকে বিশ্বকাপ সরিয়ে আনা হবে।’