আজকের খেলা
বিজেএমসি ঃ পুলিশ, শেখ রাসেল ঃ চট্টগ্রাম আবাহনী (বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৩টা ৪৫ ও ৬টা)।
আবাহনী ও রহমতগঞ্জের খেলার মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না। মৌসুমের প্রথম ম্যাচটায় আবাহনীকে চিনতে হলো জার্সির রং দেখে। তারপরও ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবলের প্রথম খেলায় গতকাল বৃহস্পতিবার আবাহনী ৩-০ গোলে রহমতগঞ্জকে হারিয়ে উতরে গেছে। হ্যাটট্রিক করেছেন স্ট্রাইকার ওসে মরিসন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে চার নম্বর গ্রুপের খেলায় আবাহনী খেলল চার বিদেশি ফুটবলার নিয়ে। আর রহমতগঞ্জ খেলল দেশি ফুটবলারদের উপর ভর করে। তারপরও আবাহনীর অনুজ্জ্বল পারফরম্যান্সের দিনে ব্যক্তিগত মহিমায় জ্বলে উঠলেন মরিসন। এই স্ট্রাইকার গত মৌসুমে লিগে মোহামেডানে খেলেছিলেন। সাদাকালো জার্সি গায়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেন মরিসন। লিগে তার গোলের সংখ্যা ১১। জার্সি বদল করে আবাহনীতে এসে প্রথম ম্যাচেই হ্যাটট্রিকের পাশে নিজের নাম তুললেন মরিসন। ঘানার এই খেলোয়াড় ম্যাচের ১৭ ও ৩৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ২-০ গোলে। এরপর ৭৭ মিনিটে হ্যাটট্রিক করেন তিনি (৩-০)। তার গোলগুলো ছাড়া আবাহনীর আর কিছু নজর কাড়তে পারেনি দর্শকদের। পেলে, নেইমারদের দেশ থেকে আসা ফুটবলার লুইজ রুমলো চোখে লাগার মতো কিছু দেখাতে পারলেন না। দেশি-বিদেশি ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার ঘাটতি আছে। সেটা দেখা গেছে এ ম্যাচে।
আবাহনী প্রস্তুতি ম্যাচে শেখ জামালের কাছে ৫-১ গোলে হেরে সব বিদেশিকে বিদায় করে দিয়ে নতুনদের নেয় দলে। সেই ম্যাচে দেশি ফুটবলার যারা খারাপ খেলেছেন, তারাও কাল খুব একটা নৈপুণ্য দেখাতে পারেননি। তারপরও প্রথম ম্যাচটা জিতে আবাহনী অন্তত যাত্রাটা ভালো করতে পেরেছে। তাতেই খুশি তারা। তবে খেলোয়াড়দের মধ্যে একটা গুমোট ভাব আছে। কারণ অষ্ট্রেলিয়ান কোচ নাথান হলকে হঠাত্ করে বিদায় করে দেয়ায় একটু ভিন্ন পরিবেশ এখন নীল হলুদ শিবিরে। নতুন কোচ আনার কথা শোনা যাচ্ছে ইরানের আলী আকবরকে।
এই জয়ে আবাহনী কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে থাকল। পিছিয়ে পড়া রহমতগঞ্জকে ঘুরে দাঁড়াতে হলে মোহামেডানকে হারাতে হবে।
আবাহনী ঃ সোহেল, সুজন (অধিনায়ক), ওয়ালী ফয়সাল, সামাদ ইউসুফ, মিশু, আরমান আজীজ, আব্দুল বাতেন কোমল (শরিফুল), থমাস ইউকো, লুইজ রুমলো, ওসে মরিসন, তৌহিদুল আলম (সোহেল রানা)।
রহমতগঞ্জ ঃ আল আমিন, সুজন, শওকত রাসেল, শিমুল (বাদশা মিয়া), জাহাঙ্গির (অধিনায়ক), দিদারুল আলম, সেন্টু, রাজিব, নূরুল আবসার, সাব্বির, হেলাল। রেফারি ঃ জালাল উদ্দিন।
