শেখ জামাল জিতল নোর্ডের গোলে

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২১:৫৫
প্রথম ম্যাচে আবাহনীর দিন গোল করলেন বিদেশি স্ট্রাইকার। দ্বিতীয় ম্যাচেও বিদেশি ফুটবলারের গোলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছে। ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-০ গোলে হারিয়েছে উত্তর বারীধারা ক্লাবকে। গোল দুইটি করেছেন হাইতির ফুটবলার সনি নোর্ডে। ২৩ মিনিটে পেনাল্টি থেকে প্রথমটি, ২৭ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। ম্যাচের ৭১ মিনিটে শেখ জামালের সোহেল রানা রেফারি মিজানুর রহমানের সামনে অহেতুক ভাবে বারিধারার আবুল কালাম আজাদ সুমনকে কুনই দিয়ে আঘাত করেন। রেফারি লালকার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেন তাকে। শেখ জামাল নাইজেরিয়ান কোচ যোশেফ আফুসির অধীনে প্রায় দুই মাস অনুশীলন করে; কিন্তু গতকাল ফেডারেশন কাপের নিজেদের প্রথম ম্যাচে বর্তমান রানার্স-আপদের খেলায় সেই গতি দেখা গেল না। ৭৩ হাজার ডলারে কেনা সনিই ছিলেন ব্যতিক্রম। চার বিদেশি নিয়ে মাঠে নামা নয় কোটি টাকায় গড়া শেখ জামাল ফুটবল দলের সামনে নতুন দল উত্তর বারিধারার খেলা দর্শকদের মনে ধরেছে। বেশ কয়েকবার গোলের সুযোগ সৃষ্টি করেছিলেন। গোলকিপার জিয়াকে কাঁপিয়ে দিয়েছিলেন বারিধারার ফরোয়ার্ডরা। ভাগ্য বলে রেহাই পেয়ে গেছেন জিয়া। শেখ জামালের মতো বড় দলের বিরুদ্ধে উত্তর বারিধারার হয়ে যারা খেলেছেন, তারা অনভিজ্ঞ। জুনিয়র ডিভিশন থেকে খেলে আসছেন অন্তত ১০ জন ফুটবলার। দলের শুরু থেকে খেলে আসা মাঝমাঠের খেলোয়াড় অধিনায়ক শহিদুল ইসলাম প্রতিভাবান খেলোয়াড়। অন্যদের ফুটবল পাসগুলো দারুণ দেখার মতোই। কোচ সাইফুল ইসলাম সাইফুল দলটাকে ভালোই সাজিয়েছেন। তিনি বলেছেন, ‘শেখ জামালের মতো বড় দলের সঙ্গে এটি ভালো রেজাল্ট। আমি হারলেও খুশি। কারণ আমার দলের অনুশীলনও পর্যাপ্ত ছিল না।’ বারিধারার অধিনায়ক শহিদুল ইসলাম বলেছেন, আমরা ড্রয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলাম; কিন্তু চেষ্টা করেও সেটা হয়নি। ব্যবধান গড়ে দিয়েছে দলের অনুশীলন এবং বিদেশি ফুটবলার।’ ম্যাচ নিয়ে খুশি হতে পারেননি শেখ জামালের কোচ যোশেফ আফুসি। তিনি বলেছেন, আমাদের যোগ্যতা অনুসারে মার্জিনটা কমই বটে।