রোনালদোর দরাজ প্রশংসায় মেসি

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২১:৫৭
সারা দুনিয়া জানে তারা একে অপরের বিপক্ষ; কিন্তু লিওনেল মেসি ‘গোল্ডেন শ্যু’ পুরস্কার নেয়ার পর দেয়া এক সাক্ষাত্কারে বিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনালদোর দরাজ প্রশংসা করেছেন। এছাড়াও জানিয়েছেন, খেলোয়াড়ি জীবনের বাকিটা সময় বার্সেলেনার হয়েই খেলার ইচ্ছা তার। আর্জেন্টাইন মেসি গত বুধবার তৃতীয়বারের মতো এই পুরস্কার গ্রহণের সময় রোনালদো সম্পর্কে বলেন, ‘আমি জানি না সে তার ক্যারিয়ারের তুঙ্গে উঠেছে কিনা। তবে সে তার জায়গাতেই আছে এবং প্রতিটি খেলায় ক্লাব এবং জাতীয় দলের হয়ে গোল করছে। সে এটা দীর্ঘদিন ধরেই করে আসছে। তাই সেরা সময়ে আছে কি বাজে সময় অতিক্রম করছে- তাতে কিছু এসে যায় না।’ নিজের ভবিষ্যত্ পরিকল্পনা জানাতে গিয়ে চারবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা বলেন, ‘আমি বার্সেলোনার হয়ে খেলতে চাই। আমাকে নিয়ে এখানকার মানুষ যে আগ্রহ দেখিয়েছে তাতে আমি কৃতজ্ঞ। তাই বার্সেলোনাতেই আমার জীবন।’ মেসি উয়েফা চ্যাম্পিন্স লিগ এবং বিশ্বকাপ নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ আমাদের সব থেকে শক্ত প্রতিদ্বন্দ্বী। তাছাড়া আরো অনেক ভাল দল আছে। আর বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিল, জার্মানী, স্পেন এরা প্রত্যেকেই শিরোপার দাবিদার।’ দীর্ঘ দিন বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের আশা প্রকাশ করে এই তারকা বলেন, ‘আমার জন্য বিশ্বকাপ জয় করা স্বপ্নের মতো। আমার দল এবং দেশ দীর্ঘদিন শিরোপা জিতেনি।’ মেসুত ওজিল সম্পর্কে মেসি বলেন, ‘আমাকে যদি একজন জার্মান খেলোয়াড়কে বেছে নিতে বলা হয় তাহলে আমি ওজিলকেই পছন্দ করবো। তার কারণ এই না যে আমি চাই সে বার্সায় খেলুক। ওজিলকে পছন্দ করার কারণ হলো সে অত্যন্ত মেধাবী।’ সাবেক গুরু এবং বার্সা কোচ টিটো ভিলানোভা সম্পর্কে আর্জেন্টাইন তারকা বলেন, ‘টিটো সব সময় আমাদের চিন্তা-চেতনাতে আছেন। তার চিকিত্সা কেমন চলছে সে সম্পর্কে আমরা সব সময় খোঁজ-খবর রাখি। সে কোনো কিছুর কেন্দ্রবিন্দুতে থাকতে চায় না। দূর থেকে সব কিছু দেখতে চায়।’