কষ্টার্জিত জয়ে শুরু শেখ রাসেলের

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২২:০৩
বর্তমান চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র ওয়ালটন ফেডারেশন কাপের ২৭তম আসরে শুভ সূচনা করেছে। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বি গ্রুপের খেলায় দলটি ১-০ গোলে চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে জয়ী হয়। এর আগে একই ভেন্যুতে দিনের প্রথম খেলায় সি গ্রুপে বাংলাদেশ পুলিশ ২-২ গোলের ড্রয়ে বাধ্য করে টিম বিজেএমসিকে। শেখ রাসেল ১৮ মিনিটে তাদের মরক্কোন ফরোয়ার্ড ইউনেস রক্সের গোলে এগিয়ে যায়। কিন্তু এই গোলের পর দলটি আর তাদের সুনাম অনুযায়ী খেলতে পারেনি। বরং গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য বেশ কয়েকবার বিপক্ষের বিপজ্জনক আক্রমণ ঠেকিয়ে দলকে রক্ষা করেন। চট্টগ্রাম আবাহনীর নেপোলিয়ান গ্যাব্রিয়েল দ্বিতীয়ার্ধে বিপ্লবকে বক্সে একা পেয়েছিলেন। কিন্তু দেশের অন্যতম সেরা এই গোলরক্ষক নেপোলিয়নের পায়ে ঝাঁপিয়ে পড়ে সে দফায় এবং খেলার শেষদিকে উইলসন চিনেডুর শট পাঞ্চ করে না বাঁচালে জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো না শিরোপাধারীরা। হার বাঁচালো বিজেএমসি টিম বিজেএমসি গতকাল বিকেলে অনুষ্ঠিত খেলাটিতে বাংলাদেশ পুলিশের সাথে ২-২ গোলে ড্র করে। বিজেএমসি ১৭ মিনিটে ফরোয়ার্ড মেহেদি হাসান তপুর গোলে এগিয়ে গেলেও পুলিশ দল ৭৬ মিনিটে সমতা আনে। আমিরুল ইসলাম গোলটি করেন। পুলিশ দল এরপর ৮৮ মিনিটে কবিরুল ইসলামের গোলে টিম বিজেএমসিকে হতাশ করে ২-১ গোলে এগিয়ে যায়। ভাগ্য ভাল বিজেএমসির তপু ইনজুরি টাইমে নিজের ও দলের দ্বিতীয় গোলটির দেখা পেয়ে খেলায় সমতা আনতে সক্ষম হন।