পাকিস্তান ক্রিকেট তথা ক্রিকেট বোর্ডের লেজে গোবরে অবস্থা। দলের বর্তমান কোচ ডেভ হোয়াটমোর বিদায়ের পথে। পরবর্তী কোচ হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনিস। তবে কোচ হিসেবে তাকে দায়িত্ব দিলে ওয়াকার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে দল নির্বাচনসহ অধিকতর কিছু কর্তৃত্ব দাবি করেছেন।
বর্তমান প্রধান কোচ ডেভ হোয়াটমোরের চুক্তির মেয়াদ শেষ হলে আর তা না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। আগামী বছর ফেব্রুয়ারির শেষ দিকে এশিয়া কাপের আগেই হোয়াটমোরের চুক্তির মেয়াদ শেষ হবে।
ব্যক্তিগত কারণে হোয়াটমোর তার চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী না বলে জানিয়েছে পিসিবি। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলংকার বিরুদ্ধে সিরিজই হবে তার শেষ এসাইনমেন্ট।
পিসিবির একটি সূত্র জানায়, অস্ট্রেলিয়ান হোয়াটমোরের বদলি হিসেবে ওয়াকারই এগিয়ে আছেন।
জাতীয় দলের সম্ভাব্য কোচ হিসেবে ওয়াকার ও পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির মধ্যে লাহোর ও দুবাইতে ইতোমধ্যে আলোচনাও হয়েছে বলে জানা গেছে।
ওয়াকার বর্তমানে স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। তিনি পুনরায় দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে নতুন চুক্তি স্বাক্ষরের আগে তিনি কিছু কঠিন শর্ত সামনে এনেছেন। সূত্র জানিয়েছে, বিদেশগামী দল নির্বাচন বিষয়ে নির্বাচকদের সঙ্গে বসে যথাযথভাবে নিজের মত প্রকাশ করার দাবি তুলেছেন তিনি।
তিনি আরো বেশি কর্তৃত্ব চান এবং হোয়াটমোরকে যে সকল সুযোগ-সুবিধা দেয়া হতো সেগুলো দাবি করেছেন।
২০১০-১১ সালে দলের প্রধান কোচ ছিলেন ওয়াকার। তার অধীনেই দল ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে। তবে ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২০১২ সালের সেপ্টেম্বর মাসে দায়িত্ব ছেড়ে দেন সাবেক এ কিংবদন্তি ফার্স্ট বোলার।
ইউনিস খানকে অধিকতর দায়িত্ব দেয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছে সূত্রটি। টেস্ট খেলা ছাড়া ইউনিসকে দলের ব্যাটিং কোচেরও দায়িত্ব দেয়া হতে পারে। —বাসস
