অস্ট্রেলিয়ার মেলবোর্নে গলফ বিশ্বকাপের দ্বিতীয় দিনে অবনমন ঘটেছে সিদ্দিকুর রহমানের। বাংলাদেশের প্রথম গলফার হিসেবে বিশ্বকাপে খেলতে যাওয়া সিদ্দিকুর দ্বিতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ছয় শট বেশি খেলে যৌথভাবে ৪৯তম স্থানে আছেন।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে সিদ্দিকুরের শুরুটা হয়েছিল দারুণ। তবে দ্বাদশ এবং ত্রয়োদশ হোলের ব্যর্থতায় শেষ পর্যন্ত পারের চেয়ে দুই শট বেশি খেলতে বাধ্য হন তিনি। ফলে যৌথভাবে বত্রিশতম অবস্থানে থেকে প্রথম দিন শেষ করতে হয় তাকে। তবে প্রায় আশি লাখ ডলারের এই টুর্নামেন্টের পরের রাউন্ডগুলোতে ভালো কিছু করারই প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশ সেরা এই গলফার।
কিন্তু গতকাল শুক্রবার দ্বিতীয় দিনে সেই প্রতিশ্রুতি রাখতে পারলেন না সিদ্দিকুর। পুরো রাউন্ডে একবারই মাত্র পারের চেয়ে এক শট কম খেলে বল পকেট করতে পেরেছেন। এই একটি মাত্র বার্ডির বিপরীতে বোগি (পারের চেয়ে এক শট বেশি) করেছেন পাঁচটি। ফলে দিন শেষে তাকে পারের চেয়ে মোট চার শট বেশি খেলতে হয়।
পারের চেয়ে আট শট কম খেলে এককভাবে শীর্ষে আছেন ডেনমার্কের টমাস বিয়র্ন। প্রথম দিন বিয়র্নের সাথে যৌথভাবে শীর্ষে থাকা আমেরিকার কেভিন স্ট্রিলম্যান তার ডেনিশ প্রতিপক্ষের চাইতে এক শট বেশি খেলে আছেন দ্বিতীয় স্থানে।
এদিকে বিশ্বকাপ শেষ হতে না হতেই হংকংয়ে নিজের পরবর্তী টুর্নামেন্ট নিয়ে ভাবতে শুরু করেছেন ২৯ বছর বয়সী এই গলফার। বিখ্যাত হংকং গলফ ক্লাবে আগামী পাঁচ থেকে আট ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশের সেরা গলফার হিসেবে নিজের নামের প্রতি সুবিচার করতে চান সিদ্দিকুর। এ মাসেই হিরো ইন্ডিয়ান ওপেনে নিজের দ্বিতীয় এশিয়ান ট্যুর শিরোপা জেতা দেশের অন্যতম ধনী এই ক্রিড়াবিদ চাইছেন ইউরোপিয়ান ট্যুরের সাথে যৌথ উদ্যোগে আয়োজিত হংকং ওপেনেও বাংলাদেশের নিশান উড়াতে।
এশিয়ান ট্যুরের অফিসিয়াল ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাত্কারে সিদ্দিকুর বলেন, ‘দুটি এশিয়ান ট্যুর শিরোপার পর এখন যদি আমি ইউরোপিয়ান ট্যুরের সাথে যৌথভাবে আয়োজিত একটি টুর্নামেন্ট জিততে পারি তাহলে সেটা হবে দারুণ। আমি সবসময়ই শিরোপা জিততে চাই এবং আশাকরি হংকংয়েও জিততে পারবো।’
কম দূরত্ব থেকে নেয়া শটগুলোয় (পুটিং) নিজেকে আরেকটু শানিয়ে নিতে পারলে শিরোপা জেতা মোটেই কঠিন নয় জানিয়ে তিনি আরো বলেন, ‘আমি আমার ক্যাডিকে বলেছি যে, আমি আরো কয়েকটি শিরোপা জিততে চাই। সে আমাকে বলেছে পুটিংয়ের উপর আরো গুরুত্ব দিতে। ভারতে শিরোপা জেতার পর আমি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছি এবং এই মুহূর্তে আমি সত্যিই ভালো আছি।’
