সুপার লিগের খেলা দুই রাউন্ড শেষ হতেই ঢাকা প্রিমিয়ার লিগের ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়নশিপের দৌড়টা স্বাভাবিকভাবেই সংকুচিত হয়ে এসেছে চার দলের মধ্যে। আজ তৃতীয় রাউন্ডের খেলা শেষেও শীর্ষ এই চার দলের কোনো দল লড়াই থেকে ছিটকে যাবে, এমন সম্ভাবনা নেই। বরং উল্টো আজ পয়েন্ট তালিকার শীর্ষে একই সঙ্গে চলে আসতে পারে তিনটি দলই!
এই জমজমাট হয়ে ওঠার লক্ষ্য নিয়ে আজ বিকেএসপি, ফতুল্লা ও মিরপুরে গড়াবে সুপার লিগের তিনটি ম্যাচ। মূলত চোখ থাকবে মিরপুরের প্রাইম দোলেশ্বর বনাম মোহামেডান এবং ফতুল্লার গাজী ট্যাংক বনাম শেখ জামাল ম্যাচের দিকে। এর বাইরে বিকেএসপির দুই নম্বর মাঠে প্রাইম ব্যাংক ও কলাবাগান অ্যাকাডেমির খেলা এখন অনেকটাই অর্থহীন হয়ে গেছে।
সুপার লিগের দ্বিতীয় রাউন্ডের পর প্রাইম ব্যাংক ও কলাবাগান অ্যাকাডেমি কার্যত চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে ছিটকে গেছে। ১২ ম্যাচে ১১ পয়েন্টের মালিক কলাবাগান অ্যাকাডেমি কাগজে-কলমেও আর শিরোপা লড়াইয়ে টিকে নেই। তারা বাকি সব ম্যাচ জিতলে এবং শীর্ষ দল গাজী সব ম্যাচ হারলেও তাদের পক্ষে সেরা হওয়া সম্ভব হবে না। এই হিসাবে এখনও অবশ্য ধিকি ধিকি করে প্রাইম ব্যাংকের একটা সম্ভাবনা টিকে আছে। কিন্তু সে ক্ষেত্রে তাদের নিজেদের বাকি তিনটি ম্যাচ জয়ের পাশাপাশি অন্যদের ফলাফলটাও নিজেদের মনমতো হতে হবে!
এই জটিলতা বাদ দিয়ে বলা যায় এখন লড়াইটা ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা গাজী ট্যাংকের সঙ্গে ১৬ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা প্রাইম দোলেশ্বর, মোহামেডান ও শেখ জামালের। আজ যদি শেখ জামালের বিপক্ষে জয় পায় গাজী; তাহলে ট্রফির নিঃশ্বাস ফেলা দূরত্বে পৌঁছে যাবে তারা। অবশ্য তাদের ঘাড়ের ওপর নি:শ্বাস ফেলবে প্রাইম দোলেশ্বর বা মোহামেডান; এই দুই দলের যে জিতবে, তাদের পয়েন্ট ১৮ হয়ে যাবে।
তবে মজাটা হবে গাজী ট্যাংক হেরে গেলে। সে ক্ষেত্রে গাজী ট্যাংক, শেখ জামাল এবং মোহামেডান বা প্রাইম দোলেশ্বর; এই তিন দলেরই পয়েন্ট হয়ে দাঁড়াবে ১৮! তখন শেষ দুই রাউন্ডে শ্বাসরুদ্ধকর লড়াই যে হবে, তাতে সন্দেহ নেই।
আজকের খেলা
গাজী ট্যাংক—শেখ জামাল ফতুল্লা
প্রাইম দোলেশ্বর—মোহামেডান মিরপুর
প্রাইম ব্যাংক—কলাবাগান অ্যাকাডেমি বিকেএসপি-২
