‘ধ্যানচাঁদেরও ভারত রত্ন পাওয়া উচিত’

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২২:০৫
শচিন টেন্ডুলকারকে ভারত রত্ন দেয়া হলে হকি কিংবদন্তী ধ্যানচাঁদকেও একই সম্মাননা দেয়া উচিত ছিল বলে মনে করেন ভারতের গ্রেট অ্যাথলেট মিলখা সিং। গত বৃহস্পতিবার ‘ফ্লাইং শিখ’ খ্যাত এই ক্রীড়াবিদ শচিন টেন্ডুলকারকে প্রশাসনিক দক্ষতা বাড়ানোরও পরামর্শ দেন। হকির জাদুকর ধ্যানচাঁদ ভারতের হয়ে তিনবার অলিম্পিকে (১৯২৮, ১৯৩২, ১৯৩৬) স্বর্ণজয় করেছেন। ১৯৪৮ সালে আন্তর্জাতিক হকিকে বিদায় জানানো এই খেলোয়াড় ক্যারিয়ারে ৪০০-এর উপর গোল করেছেন। তিনি বলেন, ‘ধ্যানচাঁদের ভারত রত্ন পাওয়া উচিত। তার মতো ক্রীড়াবিদ ভারতে আর একজনও জন্মায়নি। সেই সম্মানটাই শচিন টেন্ডুলকার পেয়েছেন। যাই হোক, আমার মনে হয়, এখনই ধ্যানচাঁদের ব্যাপারে ভাবার আদর্শ সময়।’ এছাড়া ক্রীড়ামন্ত্রী হতে হলে শচিন টেন্ডুলকারের প্রশাসনিক দক্ষতা বাড়াতে হবে বলে মনে করেন মিলখা, ‘আমি পাঞ্জাবের স্পোর্টস ডিরেক্টর হিসেবে অনেক দিন কাজ করেছি। কাজটা মোটেও সহজ নয়। এর জন্য অনেক কিছু শেখার আছে। শচিন যদি ক্রীড়ামন্ত্রী হতে চায় তাহলে তার এখনও অনেক কিছুই শেখার বাকি।’